কোন খাতের উপর কখন আক্রমণ হবে, জাতি উদ্বিগ্ন: গোলাম পরওয়ার
যারা ‘মব ও মাসলম্যান’ তৈরি করে পুরোনো দিন ফিরিয়ে আনার চেষ্টা করছে জনগণ কোনোভাবেই তাদের প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল।
রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র গুড়িয়ে দেওয়া এবং ইসিবি চত্বর এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার মতে, এসব ঘটনা দেশের আইনশৃঙ্খলা অবনতিরই প্রমাণ করে।
তিনি বলেন, “আমরা মনে করি, মাত্র সরকারের কেবল ছয় মাস হল। এক্ষুণি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে ভেঙে পড়তে থাকে, তো শিল্প, ব্যবসা, বাণিজ্য কোন খাতের উপর কখন আক্রমণ হবে, জাতি তো উদ্বিগ্ন। দ্রুত সরকারের পদক্ষেপ নেওয়া উচিৎ এবং আমরা এটার তীব্র নিন্দা করেছি।”
রাজধানীর মিন্টোরোডে রোববার দুপুরে এক ব্রিফিংয়ে এসব কথা বলছিলেন মিয়া গোলাম পরওয়ার। এ দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) সদস্যরা বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের সামনে কথা বলেন উভয়পক্ষের নেতারা।
মিরপুর ১ নম্বরে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভেঙে ফেলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “খুব দুঃখজনক। স্বাস্থ্যসেবার সঙ্গে, পুষ্টির সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠান জড়িত, মানবসেবায় সাথে যারা জড়িত, সেখানে স্থানীয় ব্যাড ইনটেনশনে আক্রোশমূলক আচরণটা করা হয়েছে, সব মহলে এটা নিন্দিত হয়েছে, ধিকৃত হয়েছে।’
“সেখানে জনপ্রতিনিধি আছে, সরকার আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে। এইভাবে একটা প্রতিষ্ঠানকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই দিকগুলো আমাদের পেছনের দিনের কথা মনে করিয়ে দিচ্ছে, সেই সহিংসতার দিনের কথা মনে করিয়ে দিচ্ছে। চব্বিশের অভ্যুত্থানের পর আমরা যে স্বস্তির ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, এই স্বপ্নগুলো কিন্তু হারাতে বসেছি। এ জন্য আমরা সবাই কিন্তু উদ্বিগ্ন।”
যারা স্থানীয়ভাবে ‘মব ও মাসলম্যান’ তৈরি করে পুরোনো দিন ফিরিয়ে আনার চেষ্টা করছে জনগণ কোনোভাবেই তাদের প্রশ্রয় দেবে না মন্তব্য করে তিনি বলেন, “জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। তাদেরকে (সরকারি দল ও অনুসারীদের) আমরা বিরত হতে বলব।”
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের বিষয়ে অন্য প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, “এরকমই সারাদেশে অপমানজনক আচরণ করা হচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা করি।”
এ সময় আরও কথা বলেন বিপিএমইএর প্রেসিডেন্ট মো. শাহরিয়ার। উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রফিকুল ইসলাম খান, নুরুল ইসলাম বুলবুলসহ অন্যান্যরা।
এদিকে রাজধানীর নয়া পল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও কর্মীদের মারধর, মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুড়িয়ে দেওয়া এবং সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনার পৃথক বিবৃতি দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
