১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিএনপির সঙ্গে আন্দোলনে থাকবে ববি হাজ্জাজের এনডিএম

যুগপৎ আন্দোলনের কর্মসূচিতে এনডিএমের কার্যকর ভূমিকা থাকবে এবং তারা ওই কর্মসূচিগুলোতে যোগ দেবে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2023, 08:30 PM

Updated : 21 Jul 2023, 08:53 PM

সরকারের পদত্যাগের ‘এক দফা’ আন্দোলনে নাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) ও বিএনপির মধ্যে ঐক্যমত হয়েছে।

শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকালে ঘণ্টাব্যাপী বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “সভায় আমরা ঐক্যমতে পৌঁছেছি এক দফা আন্দোলন, যেটা বিএনপিসহ যুগপৎ আন্দোলনের সকল দলের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা হয়েছে, আজকে এনডিএম এই এক দফাকে সমর্থন করে এই ফ্যাসিস্ট দখলদার অবৈধ সরকার পতনের আন্দোলনে আমাদের সাথে যোগ দিয়েছে।

“আগামীতে আমরা যুগপৎ আন্দোলনের যে কর্মসূচি দেব সেখানে এনডিএমের কার্যকর ভূমিকা থাকবে এবং তারা ওই কর্মসূচিগুলোতে যোগ দেবে।”

পুরানো খবর:

সরকার ভিন্নমত দমনে: ববি হাজ্জাজ

পুরানো খবর:

মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ববি হাজ্জাজ

এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “আমাদের আজকে আলোচনা হয়েছে পার্টি টু পার্টি এনডিএম ও বিএনপির মধ্যে। বিএনপি যে এক দফা আন্দোলনের ডাক দিয়েছিল সেখানে আমরা একাত্মতা ঘোষণা করে গত ১৫ জুলাই এক দফা আন্দোলনের ডাক দিয়েছি।

“আমরা এক সাথে আছি। দাবি আমাদের একটাই- এই প্রধানমন্ত্রী, এই নির্বাচন কমিশন ও এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব না, আমরা কেউ এই নির্বাচনে যাব না। আন্দোলনের মাধ্যমে আমরা জাতিকে একটা সুষ্ঠু নির্বাচন দেব।”

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের এক সময়ের বিশেষ উপদেষ্টার দায়িত্ব পালন করা ববি হাজ্জাজ বলেন, “আজকের আলোচনায় নতুন নির্বাচনকালীন সরকার কেমন হতে পারে সেটা নিয়ে আমাদের দলের প্রস্তাবনাগুলো আজকে বিএনপির নেতৃবৃন্দের কাছে তুলে দিয়েছি। আজকে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আমরা এই যুগপৎ আন্দোলনে মাঠে রাজপথে একসাথে থাকব। আমরা যুগপৎ আন্দোলনের কর্মসূচি আলাদাভাবে করব যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকারের পতন না হয়।”

একই সঙ্গে খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, তারেক রহমানসহ সকল বিরোধী নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানান এনডিএম প্রধান।

বৈঠকে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান, কেন্দ্রীয় নেতা মমিনুল আমিন, নুরুজ্জমান হিরা, শাহেদুল আজিম।

আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।