কেউ সম্প্রদায় নই, আমরা সবাই নাগরিক: সালাহউদ্দিন
“বিএনপির নীতি হচ্ছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার,” বলেন তিনি।
বাংলাদেশে কেউ ‘সম্প্রদায়’ নন, সকলেই নাগরিক মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশের সবাই যার যার, নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে করবেন।
সোমবার রাতে ঢাকেশ্বরী পুজামণ্ডপে পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “আমরা কেউ সম্প্রদায় নই, বাংলাদেশের সবাই ‘সিটিজেন’। এদেশের সবাই যার যার, নিজ নিজ ধর্ম চর্চা স্বাধীনভাবে করবে।
“হয়ত কেউ একেক ধর্মের অবলম্বন করতে পারেন বা ধর্মাবলম্বী হতে পারেন। নিজেরা যেন কেউ সম্প্রদায় হিসেবে পরিচয় না দিই, সিটিজেন হিসেবে পরিচয় দিই।”
রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সোমবার ছিল দুর্গোৎসবের সপ্তমী।
এদিন রাতে ঢাকাশ্বেরী মন্দিরে আসা পুণ্যার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সালাহউদ্দিন আহমদ বিএনপির ধর্মবিষয়ক নীতিও তুলে ধরেন।
তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি হচ্ছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সেই নিরাপত্তাটাই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে।”
বিএনপির এই নেতা বলেন “অতীতে আমরা দেখেছি, রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে গত ফ্যাসিবাদী শক্তি আপনাদের ব্যবহার করার চেষ্টা করেছে, ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে…সেখান থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে।”
‘ভোটে দেরি করলে জনগণ চিহ্নিত করে রাখবে’
আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতির কথা বলছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশন প্রস্তুতির পাশাপাশি সংলাপ শুরু করেছে।
এ অবস্থায় যা নির্বাচন বিলম্বিত করবেন তাদের জনগণ চিহ্নিত করে রাখবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন।
তিনি বলেন, “আমরা ইদানিং লক্ষ্য করছি, একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আপনারা আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি।
“আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন রকমের ইস্যু সৃষ্টি করে এই দেশে সামনে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়।”
দেশে এখন নির্বাচনি আমেজ বিরাজ করছে এবং মানুষ ভোটের প্রচারে নেমে গেছে মন্তব্য করে তিনি বলেন, “সকল প্রার্থী, যারা নির্বাচন করবেন বলে আশা করছেন, সবাই গণসংযোগে নেমে গিয়েছেন। এখন যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে তাদেরকে এ দেশের জনগণ চিহ্নিত করবে।”
গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং ভোটের অধিকার প্রয়োগ করার জন্য ১৬ বছর সংগ্রাম করার কথা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, “বাংলাদেশের মানুষ যারা এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইবে, তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।”
‘যৌক্তিক দাবি বিএনপির ইশতেহারে থাকবে’
হিন্দুদের বিভিন্ন দাবি বিএনপির নির্বাচনি ইশতেহারে থাকবে, এমন প্রতিশ্রুতি তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, “আপনাদের কিছু দাবি দেওয়া আমাদের সামনে আগেও দেওয়া হয়েছিল, আমরা এগুলো বিশ্লেষণ করেছি। আগেও আপনাদের সাথে এ নিয়ে কথা হয়েছে।
“বিএনপির নির্বাচনি ইশতেহার প্রণয়নের সময়ে আপনাদের নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে আমাদের নির্বাচনি ইশতেহারে আপনাদের যৌক্তিক দাবি-দাওয়াগুলো আমরা ধারণ করবো।”
দেবোত্তর সম্পত্তি, অর্পিত সম্পত্তি, সংখ্যালঘু কমিশন ও ফাউন্ডেশন ইত্যাদি প্রতিষ্ঠা করা যায় কি না, তা চিন্তাভাবনা করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “দেবোত্তর সম্পত্তি এবং অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো উদ্ধার করে মালিকানা ফিরিয়ে দিয়ে যায় কি না, এগুলো সবই সম্ভব।
“আমরা সেগুলো আমাদের ইশতেহার ধারণ করব। এই ইশতেহার প্রণয়নের সময় আপনাদের সাথে আবার আলোচনা হবে।”
সালাহউদ্দিন বলেন. “আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম-অমুসলিম, পাহাড়ি-সমতলে সকল নাগরিকের সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ সমন্বয়ের রাজনীতি করি এবং এই সমন্বয়ের রাজনীতিকে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করি।
“সুতরাং বিএনপি আমরা যারা করি, যারা বাংলাদেশে জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা ধর্মের ভিত্তিতে জাতিতে কোনো বিভক্তি চাই না। আমরা ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না, কখনো চাইনি।”
‘বিএনপি আপনাদের পাশে থাকবে’
সালাহউদ্দিন বলেন, “আমি আপনাদের শারদীয় শুভেচ্ছা জানাই এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মীকে আহ্বান জানাই, যতদিন পর্যন্ত এই দুর্গোৎসব পরিচালিত হবে, দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে, সারা বাংলাদেশে আমাদের সকল নেতাকর্মী এই অনুষ্ঠানকে পাহারা দিবে, নিরাপত্তা দিবে।
“বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র তৎপর, চালু আছে। আমরা সেই ষড়যন্ত্রকে অতীতেও কার্যকর হতে দিইনি, সামনেও এই ষড়যন্ত্র সফল হতে দেব না।”
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম বক্তব্য রাখেন।
পরে রাতে বনানীর পূজামন্ডপও পরিদর্শন করেন সালাহউদ্দিন আহমদসহ বিএনপির নেতারা।
