হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের সাবেকদের মিছিল
অন্তর্বর্তী সরকার নিজে থেকে এসব মামলা প্রত্যাহার না করলে, ‘বাধ্য করা হবে’ বলে হুঁমকিও দিয়েছেন তারা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সবকটি মামলা প্রত্যাহার দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের একদল সাবেক নেতা।
অন্তর্বর্তী সরকার নিজে থেকে এসব মামলা প্রত্যাহার না করলে, ‘বাধ্য করা হবে’ বলে হুঁমকিও দিয়েছেন তারা।
সোমবার সকালে গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ১০-১৫ জনের ওই মিছিল দেখা যায়।
পরে সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, "বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করা হচ্ছে। আমরা এই অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি। সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
“আমরা ছাত্রলীগের সাবেক নেতারা রাজপথে আছি, মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আন্দোলন সংগ্রামের মাধ্যমের সরকারকে মামলা প্রত্যাহার করতে বাধ্য করব।"
গত ৫ অগাস্ট শেখ হাসিনাকে দেশত্যাগে ‘বাধ্য করা হয়’ বলেও এ সময় অভিযোগ করেন আনোয়ার হোসেন।
ছাত্রলীগের সাবেক এই নেতার ভাষ্য, “শেখ হাসিনা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যখন সমৃদ্ধির মহাসড়ক দিয়ে এগিয়ে নিয়ে চলেছিলেন, তখন পাকিস্তান সমর্থিত সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর চালিয়ে দেশকে অস্থিতিশীল করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, "চেপে বসা অপশক্তির সরকার তাদের দোসরদের দিয়ে শেখ হাসিনার নামে অসত্য মামলা দায়ের করছে। এসব মামলার প্রত্যাহারে জোর দাবি জানাই।“
অন্যদের মধ্যে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবু আব্বাস ভূঁইয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এনামুল হক প্রিন্স, হাসান আহম্মেদ খান, সাবেক সহসভাপতি এম. এম. নাজমুল হাসান,ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রান, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি পারভীন মিশু ও লাবনী চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মো. হাসানকে বিক্ষোভ মিছিলে দেখা যায়।
ছাত্রজনতার প্রবল আন্দোলনে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে; এর মধ্যে হত্যা মামলার সংখ্যাই বেশি।
অধিকাংশ মামলাতেই শেখ হাসিনার সঙ্গে তার সরকারের সাবেক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতা, পুলিশের সাবেক আইজিপি, ডিএমপির সাবেক কমিশনারসহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাকে আসামি করা হয়েছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টায় ‘গণহত্যার’ দুই অভিযোগে শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত ৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ ৫৬টি অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে।
