২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত আমিরের সঙ্গে কানাডার হাই কমিশনারের সাক্ষাৎ

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে কানাডার সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা চেয়েছেন জামায়াত আমির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার হাই কমিশনার অজিত শিং।

বৃহস্পতিবার সকালে ঢাকার বসুন্ধরা এলাকায় জামায়াতের আমিরের কার্যালয়ে তাদের মধ্যে এই সাক্ষাত হয়।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তা বিষয়ে আলোচনা হয়েছে বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সেখানে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে গণতন্ত্রের অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরা হয়। 

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে কানাডার সার্বিক সহযোগিতা ও কারিগরি সহায়তা চেয়েছেন জামায়াত আমির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

অপরদিকে, কানাডার হাই কমিশনারের সাথে ছিলেন হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, সিনিয়র ট্রেড কমিশনার ডেবরা বয়েস ও পলিটিক্যাল অ্যাডভাইজার নিসার আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।