২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের অর্থনৈতিক অবস্থা খাদের কিনারে, ‘পড়ে যাবে হয়ত’: ফখরুল

ডনাল্ড লু এর ঢাকা সফর সম্পর্কে তিনি বলেন, “এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2024, 08:59 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

দেশের অর্থনৈতিক অবস্থা ‘ভয়াবহ পর্যায়ে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকের পর দেশের অর্থনীতি নিয়ে এক প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।

তার ভাষ্য, ‘‘একেবারে ভয়াবহ পর্যায়ে… খাদের কিনারায় গেছে, পড়ে যাবে হয়ত।”

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু এর ঢাকা সফর সম্পর্কে এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘‘এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আমি আগেও বলেছি, এখনও বলি, বাংলাদেশের জনগণ কারও ওপর নির্ভর করে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে, এটা আমরা মনে করি না।

”বাংলাদেশের জনগণ সবসময় নিজের শক্তিতে নিজের পায়ের ওপর ভর করে ’৭০ সালের পূর্বেও আন্দোলন করেছে, ’৭০ এ আন্দোলন করেছে, ’৭১ এ মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তিকালেও আমরা যে আন্দোলন করছি তা সম্পূর্ণ জনগণের শক্তির ওপর নির্ভর করে আন্দোলন করছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সুতরাং এ বিষয়ে আমরা বেশি কিছু বলতে চাই না।”

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে অংশ নেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় নেতা আবু হানিফ, শাকিল উজ্জামান, নূরে এরশাদ সিদ্দিকী, হাসান আল মামুন,মাহফুজুর রহমান খান, রবিউল হাসান, তোফাজ্জল হোসেন ও খালিদ হাসান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে আন্দোলনের কথা তুলে ধরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘‘সেই লক্ষ্যে আমরা বিগত কয়েক বছর ধরেই  রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনের ধারায় আন্দোলন করছি।

”আজকে তারই ধারাবাহিকতায় আমরা গণঅধিকার পরিষদের সঙ্গে প্রাথমিকভাবে আমরা আলোচনা করেছি, কথা বলেছি।”

তিনি বলেন, “গণঅধিকার পরিষদের এই আন্দোলনে জোরালো ভূমিকা ছিল। আমি আশা করব আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে তারা তাদের ভূমিকা অক্ষুন্ন রাখবেন এবং জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা পালন করবেন।”

এর আগে গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে বিএনপি। বাম ঐক্যের সমন্বয়ক হারুন চৌধুরী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এরইমধ্যে বিএনপি ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি সঙ্গে বৈঠকে শেষ করেছে। বুধবার গণতন্ত্র মঞ্চ ও গণফোরামের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে।