২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা সুযোগ পায় এমন অবস্থা তৈরি করবেন না: দলগুলোকে ফখরুল

“অনুরোধ করব রাজনৈতিক দলগুলোর কাছে, আসুন অতি দ্রুত আমাদের সমস্যাগুলো মিটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই,” বলেন তিনি।

বিডিনিউজ২৪

নিজস্ব প্রতিবেদক ও সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

রাজনৈতিক মতবিরোধের ‘ছোট-খাটো’ বিষয়গুলো নিয়ে বিভেদ সৃষ্টি না করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, “আজকে অনেক রকম কথা হচ্ছে, ‘রাজনৈতিকানুবাদ’ হচ্ছে, হবেই। গণতন্ত্রে সেটা স্বাভাবিক। কিন্তু এমন কোনোকিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়।

“রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাট বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না, যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার।”

বুধবার বিকালে ঢাকার সাভারের আশুলিয়ায় এক প্রতিবাদ সমাবেশে কথা বলছিলেন বিএনপি মহাসচিব। গত বছর সরকারপতনের আন্দোলনে আশুলিয়ায় নিহতদের লাশ পোড়ানোর ঘটনা স্মরণে এ সমাবেশ করেছে ঢাকা জেলা বিএনপি।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, “আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে, আসুন আমরা অতি দ্রুত আমাদের সমস্যাগুলো মিটিয়ে ফেলে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করি।

“জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আজকে এই মহিলা (শহীদ পরিবারের এক সদস্য) যে অভিযোগ করেছেন, সে অভিযোগ আমাদেরকে শুনতে হত না। আজকে যারা (অনুষ্ঠান) আয়োজন  করেছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে, একটি সম্পূর্ণ ব্যতিক্রম একটি আয়োজন করেছেন এবং এতে করে জাতির বিবেক জেগে উঠবে বলে আমি বিশ্বাস করি।”

‘এই দৃশ্য দেখা যায় না’

গণআন্দোলনের সময় আশুলিয়ায় নিহতদের লাশ পোড়ানোর স্থানেই বুধবার প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

লাশ পোড়ানোর সেই ঘটনা স্মরণ করে ফখরুল ইসলাম বলেন, “আমি আজকে হতবাক হয়ে গেছি, এই দৃশ্য দেখা যায় না। আমরা কোন দেশে আছি।...দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে হিটলার গ্যাস চেম্বারে দিয়ে মানুষকে হত্যা করেছিল,আজকে দেখলাম আমাদের দেশে হাসিনা ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে।”

তিনি বলেন, “এখানে যারা শহীদ হয়েছেন, তাদের স্বজনদের বক্তব্যের পরে বক্তব্য রাখার খুব একটা মানসিক অবস্থা থাকে না, আজকে সেটা নেই। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছা করে যে,আমরা কেমন একটা জাতি, যে জাতি আমরা আমাদের ছেলেদেরকে পুঁড়িয়ে মারি। কেমন একটা জাতি যে, আমাদের রাষ্ট্রের যারা কর্মচারী-কর্মকর্তা, তারা সন্তানদেরকে হত্যা করে এবং পরে পুঁড়িয়ে হত্যা করে। এখানে একজন মা বক্তব্য রাখছিলেন যে, তার ছেলে বেঁচে ছিল, সেই অবস্থায় তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে।”

‘হাসিনা ভারত থেকে উস্কানি দিচ্ছে’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উসকানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, “আমরা এমন একটা জাতি ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের নেতা যারা আমাদের নেতৃত্ব করে, যাদেরকে দেশের মানুষ নেতা বলে মনে করে, তারা ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য এইভাবে গুলি করে মানুষকে হত্যা করে, যেটা হাসিনা করেছে।

‘‘এখনও তীব্র স্বরে হাসিনার বিচার চাই। গোটা জাতি হাসিনার বিচার চায়। আপনারা জানেন যে হাসিনা পালিয়ে গেছে ভারতে। ভারত তাকে আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন যে, সে সেখান থেকে অডিও ভার্সনে কথায়, ভিডিওতে আবার বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করবার জন্য বিভিন্ন রকম সেই ‘প্রভোকেশন’ উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে এবং চেষ্টা করে গোপালগঞ্জে ইতোমধ্যে তারা সেই অবস্থা তৈরি করেছে।”

ফখরুল বলেন,  ‘‘এই কথাগুলো বলছি এজন্য যে, একটা জাতিকে তার নিজের দেশকে রক্ষা করার জন্য জাতিকে রক্ষা করবার জন্য তাদের প্রত্যেককে সজাগ হয়ে থাকতে হবে। দীর্ঘ ১৫ বছর এই হাসিনা ফ্যাসিস্ট সরকার এই দেশের মানুষের ওপরে ‘স্টিম রোলার’ চালিয়েছে।

“আপনারা যা বিএনপি করেন, বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, অনেকে কারাগারে গেছেন, আপনাদের সাভার থেকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের সেই কেরাণীগঞ্জ কারাগারের মধ্যে।”

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সহ-পরিবার কল্যাণ বিষয়ক দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বক্তব্য দেন।

অনুষ্ঠানে শহীদ পরিবারের মধ্যে বাবুল হোসেনের স্ত্রী লাকি আখতার, আরাফাত মুন্সির বাবা স্বপন মুন্সি, বায়েজিদ মুস্তাফিজের স্ত্রী রিনা আখতার, শ্রাবণ গাজীর বাবা আবদুল মান্নান গাজীসহ অনেকে কথা বলেন।