আহত বিএনপি নেতা বুলু এভারকেয়ার হাসপাতালে
ঢাকা ফেরার পথে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার বাজারে তার ওপর হামলা হয়।
নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লার মনোহরগঞ্জে অতর্কিত হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে।
শনিবার রাত ১২টার দিকে আহত এই বিএনপি নেতা ও তার স্ত্রী শামীমা বরকত লাকিকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে আনার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএস জাহিদ হোসেন।
তিনি জানান, গুরুতর আহত এ দুজনকে জরুরি বিভাগের চিকিৎসকরা দেখছেন। তারপর তাদের ভর্তি করা হতে পারে। তাদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক জাফর ইকবাল জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার বাজারে বুলু ও তার সঙ্গীদের ওপর হামলা হয়।
হামলাকারীদের রডের আঘাতে বুলুর মাথা ফেটে পুরো শরীর রক্তাক্ত হয়ে পড়ে। তার স্ত্রী লাকিও আহন হন।
এছাড়া হামলায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন রাজুসহ আরও অন্তত ৮ জন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নেতা জানান, নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে বিপুলাসার বাজারে নেমে বুলু স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। তখনই হামলার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বুলু ও বিএনপি নেতারা আওয়ামী লীগকে দায়ী করেছে।
