২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাদের ‘নিরানন্দের’ ঈদ

ঈদ খুশির দিন হলেও ডজন ডজন মামলায় জড়ানো বিএনপির অনেক নেতার কাছে এবার শাওয়ালের চাঁদ সেই বার্তা দিচ্ছে না বলে জানালেন তাদের স্বজনরা।

সুমন মাহমুদ সুমন মাহমুদ

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 09:00 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটি সদস্যবৃন্দ থেকে শুরু করে মাঠ পর্যায়ে নেতাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

মামলার সংখ্যাও এক-দুই-তিন নয়, অনেকের বিরুদ্ধে অর্ধশত থেকে শতাধিক মামলা আছে। এসব মামলায় কেউ কারাগারে, কেউবা আত্মগোপনে আছেন। তার উপর রয়েছে অসুস্থতার যন্ত্রণা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ওমরাহ পালনের উদ্দেশ্যে প্রতিবছর রোজার শেষ দিনগুলোতে পরিবারসহ সৌদি আরবে কাটান। ওমরাহ শেষে ২৯ রোজায় দেশে ফেরেন তিনি। এবারও সৌদি যাওয়ার পরিকল্পনা করে শেষমুহূর্তে তা বাতিল করেন বিএনপি নেত্রী।

গুলশানে নিজের বাসায় ঈদ করবেন খালেদা জিয়া। বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিকসহ দলীয় নেতা-কর্মী ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ওই অনুষ্ঠান শেষ করে তিনি যাবেন শেরে বাংলানগরে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে। এরপর যাবেন বনানীতে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে।

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের দিন ম্যাডাম সকালে নামাজ পড়ে কোরআন তেলওয়াত করেই তার কর্মসূচি শুরু করে থাকেন। ম্যাডামের আত্মীয়-স্বজনরা সকালে বাসায় আসবেন, তারা একসঙ্গে খাবেন।”

গত কয়েক বছর ধরে প্রতি ঈদে বিদেশে দুই ছেলের পরিবারের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া।

Image
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তরিকুল ইসলাম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তরিকুল ইসলাম

পাঁচদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়া দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উত্তরায় নিজের বাসায় ঈদ করবেন।

তার স্ত্রী রাহাত আরা বেগম বলেন, “তার শরীরটা ভালো নেই, ওজন কমে গেছে। ক্যারোটিড আর্টারিতে ব্লকের কারণে কষ্টে আছেন তিনি। তার আইবিএসের মাত্রাও বেড়ে গেছে।

“এরপর আছে মিথ্যা মামলার বোঝা। তারপরও ছোট মেয়ে মির্জা সামারু ও শিশু নাতি জুমার সাবেরকে নিয়ে বাসায় তার সময় কাটবে।”

তবে দলের চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের।

দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সব সময় নিজের নির্বাচনী এলাকা  যশোরে ঈদ করলেও এবার তা হচ্ছে না। কয়েকদিন আগে জামিনে কারামুক্ত হয়ে যশোর থেকে ঢাকা এসে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন তিনি। নাশকতাসহ কয়েক ডজন মামলা রয়েছে তার বিরুদ্ধে।

চিকিৎসকদের পরামর্শে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করতে বৃহস্পতিবার হাসপাতাল থেকে ঢাকার শান্তিনগরের বাসায় যান তিনি। সেখানে স্ত্রী-ছেলে-নাতি-নাতনিদের নিয়ে কাটবে তার সময়।

তরিকুলের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বাবার মামলা ও অসুস্থতা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। বাবার হৃদযন্ত্রে তিনটি রিং পরানো আছে। এরইমধ্যে আরও কয়েকটি ব্লক ধরা পড়েছে। কিডনি জটিলতা ও ডায়াবেটিসের সমস্যা অতিরিক্ত বেড়ে গেছে। এবারের ঈদটা আমাদের কাছে নিরানন্দের।”

স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন দুর্নীতি মামলায় কয়েক মাস যাবৎ কারাগারে আছেন। তারও শারীরিক অবস্থা ভালো নয় বলে স্বজনরা জানিয়েছেন।

Image
খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস

খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস

ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন বলেন, “সব সময় বাবা ঈদের দিন ভোরে কুমিল্লার দাউদকান্দি গিয়ে ঈদের নামাজ পড়েন। আমরাও যাই তার সঙ্গে। এবার বাবা কাশিমপুর কারাগারে। সকালে কারাগারেই যেতে হবে। এবার বাবাকে ছাড়া ঈদ করব, ঈদটা আমাদের কাছে বেদনার। কারণ বাবার শরীরটা খুবই খারাপ। মাত্র কয়েকদিন আগেও তাকে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে রাখা হয়েছিল।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাসও কয়েক ডজন মামলা মাথায় নিয়ে আত্মগোপনে আছেন। গত ঈদে রাজধানীর শাহজাহানপুরে নিজের এলাকায় ঈদের নামাজ পড়ে বাসায় নেতা-কর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। তবে এবার তিনি কোথায় নামাজ পড়বেন তা কেউ বলতে পারেননি।

তার স্ত্রী আফরোজা আব্বাস জানিয়েছেন স্বামীর অসুস্থতার খবর।

“উনাকে নিয়ে দুশ্চিন্তায় আছি। অসংখ্য নেতা-কর্মীর কাছে এবারের ঈদ দুঃখ-বেদনার। তাই আমাদেরসহ তাদের ঈদটা কাটবে সেইভাবে,” বলেন তিনি।

ভারতের শিলংয়ে ঈদ করবেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, ঢাকা থেকে অন্তর্ধানের তিন মাসের বেশি সময় পর শিলংয়ে পাওয়া যায় যাকে।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে ঢোকার মামলায় জামিন নিয়ে বর্তমানে শিলংয়ে একটি বাড়ি ভাড়া করে আছেন তিনি। সেখানে প্রতি সপ্তাহে তাকে থানায় রিপোর্ট করতে হয়।

তার স্ত্রী হাসিনা আহমেদ বলেন, ছেলে-মেয়ের কারণে ঢাকায় তাকে ঈদ করতে হচ্ছে। সেজন্য ঈদে স্বামীর কাছে যেতে পারছেন না। তবে ঈদের পর যাবেন।

“উনার শরীরটা ভালো নয়। হৃদরোগ, কিডনি জটিলতা। গত কয়েকদিন ধরে তার কোমরে ব্যথাটা বেড়ে গেছে। দুশ্চিন্তায় আছি আমরা।”

Image
সালাহউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী

সালাহউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী

সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিনের বিরুদ্ধে দেশেও তিন ডজনের বেশি মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের কাছে এবারের ঈদটা দুঃখ ও বেদনার।”

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, সারোয়ারি রহমান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, শমসের মবিন চৌধুরী, সেলিমা রহমান ঢাকায় ঈদ করবেন বলে জানা গেছে।

তবে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান নরসিংদীর পলাশে নিজের নির্বাচনী এলাকায় ঈদের নামাজ পড়বেন বলে জানা গেছে।

আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজেদের এলাকা চট্টগ্রামে ঈদ করবেন। তারা চট্টগ্রামেই আছেন।

কারাবন্দি জ্যেষ্ঠ নেতাদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অধ্যাপক এমএ মান্নান ও লুৎফুজ্জামান বাবর কাশিমপুর কারাগারে আছেন।

রিজভীর স্ত্রী আঞ্জুমান আরা বলেন, “ঈদ আসলে আমাকে নিয়েই সে নিজের বাড়িতে চলে যেত। এবার সেটা হচ্ছে না।

“উনার শারীরিক অবস্থা নিয়ে আমরা চিন্তিত। ঈদের দিন কাশিমপুর কারাগারে যাব।”

কারাবন্দি অন্য নেতাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের দিন নিজেদের বাসা থেকে খাবার তৈরি করে তারা কারাগারে যাবেন।