কাগারের ভয় দেখিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না: নোমান
বিএনপি নেতাকর্মীদের কারাগারের ভয় দেখিয়ে সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বৃহস্পতিবার বিকালে নগরীর রেলওয়ে অফিসার্স ক্লাবে চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, “বিএনপি নেতাকর্মীদের কারাগারের ভয় দেখিয়ে সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে পারবে না। জেল-জুলুম ও নির্যাতন-নিপীড়ন যত বাড়বে চলমান গণতান্ত্রিক আন্দোলন তত বেশি জোরদার হবে।
“বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে সরকার অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। জেলখানায় তাদের উপর নির্যাতন করা হচ্ছে।”
আসন্ন ঈদের আগেই কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান নোমান।
সাবেক মন্ত্রী নোমান বলেন, “দেশে দুর্নীতি ও লুটপাটের মহোৎসব চলছে। মন্ত্রীরা নির্লজ্জভাবে দুর্নীতি করছে আর সরকারের শীর্ষ পর্যায় থেকে মন্ত্রীদের দুর্নীতিতে সহযোগিতা করা হচ্ছে।
“মহাজোট সরকারের মন্ত্রীরা দুর্নীতির টাকা সুইস ব্যাংকে জমা রাখছেন। আবার অনেক মন্ত্রী-এমপি বিদেশে বাড়ি কিনছেন। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে আওয়ামী লীগ নেতারা নিজেদের ভাগ্য পরিবর্তন করছে। কিন্তু ঋণের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে।”
সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমাদের আরেকটি মুক্তি সংগ্রাম করতে হবে।”
বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
অন্যদের মধ্যে শ্রমিক দল নেতা শ. ম. জামাল, শামসুল আলম, ইদ্রিস মিয়া, নজরুল সরকার, শাহাবুদ্দিন, শাহ নেওয়াজ চৌধুরী, শফিক মজুমদার, আবু বক্কর সিদ্দিক, মজিবুর রহমান, কামাল পাশা, শফি চেয়ারম্যান, কামাল উদ্দিন ও আজিম উদ্দিন বক্তব্য রাখেন।
