২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জাপার দুই পক্ষের সংঘর্ষ, সার্কিট হাউস ভাংচুর

সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির দুই পক্ষের সংঘর্ষের পর সার্কিট হাউসে ব্যাপক ভাংচুর করেছে দলটির কর্মীরা।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 09:16 AM

Updated : 12 Oct 2022, 03:59 PM

পুলিশ বলছে, বুধবার রাত ৮টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এবং সিলেট জেলা আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকীর মধ্যে এ সংঘর্ষ হয়।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার সাজ্জাদুল হাসান জানান, বন্দরবাজার এলাকার একটি হোটেলে ইফতার অনুষ্ঠান শেষে সার্কিট হাউসে জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলুর সঙ্গে আব্দুল্লাহ সিদ্দিকীর বৈঠকের প্রস্তুতি চলছিল।

এ সময় ইয়াহইয়া চৌধুরীর সমর্থকদের সঙ্গে আব্দুল্লাহ সিদ্দিকীর কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সার্কিট হাউসের প্রধান ফটকে কাচের দরজা-জানালায় ব্যাপক ভাংচুর চালানো হয়।

পরে ২২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে সহকারী পুলিশ কমিশনার জানান।

পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করেছে। ভাংচুরের ঘটনায় মামলা করা হবে বলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশসাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন।