‘জনসমর্থন হারিয়ে ফ্যাসিবাদের পথে শাসকগোষ্ঠী’
জনসমর্থন হারিয়ে শাসকগোষ্ঠী ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক-কলামনিস্ট সিরাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেছেন, “আমাদের শাসকগোষ্ঠী অনেক দুর্বল। বর্তমান সরকার ফ্যাসিবাদী এবং এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
গণতান্ত্রিক বাম মোর্চা আয়োজিত সভায় তিনি বলেন, “বর্তমান যুবসমাজ যেসব মাদকে আসক্ত তার বেশিরভাগই আসে ভারত থেকে।”
ভারতের সঙ্গে সম্পাদিত যোগাযোগ চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “তা না হলে মাদক পাচার রোধ করা যাবে না।”
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু বলেন, “বর্তমান সরকার অনির্বাচিত ও অগণতান্ত্রিক। সরকারের প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের সমর্থনের বিনিময়ে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলো অমীমাংসিত রেখেই ভারতের সকল চাহিদা মিটিয়ে দেওয়া হয়েছে।”
ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের জনগণের স্বার্থে চুক্তি ও সমঝোতার পর্যালোচনা হওয়া জরুরি।”
তিস্তার পানি চুক্তির ব্যাপারে ‘ফাঁকা আশ্বাস’ ছাড়া বাস্তবে কিছুই পাওয়া যায়নি মন্তব্য করে তিনি বলেন, “২০১১ সালে ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তার পানি বণ্টনের চুক্তির যে খসড়া তৈরি হয়েছিল সেখান থেকে তারা সরে আসতে তৎপর হয়ে উঠেছে।”
ভারতের রিলায়েন্স ও আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন চুক্তি নিয়ে তিনি বলেন, “বিধি-বিধান লঙ্ঘন করে, বিনা টেন্ডারে ও বিনা প্রতিযোগিতায় জ্বালানি সংক্রান্ত বিশেষ আইনের আওতায় দায়মুক্তির সুযোগ রেখে এ চুক্তি হয়েছে।”
ভারতকে ‘বিদ্যুৎ ঘাটতির দেশ’ আখ্যা দিয়ে প্রকৌশলী বিডি রহমত উল্লাহ বলেন, “তাদের বছরে প্রয়োজন ২ লাখ মেগাওয়াট। কিন্তু উৎপাদন দেড় লাখ মেগাওয়াট।”
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সমন্বয়ক প্রকৌশলী শেখ শহীদুল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ম এনামুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভায় উপস্থিত ছিলেন।
