৩ মামলায় ফখরুলের জামিন থাকবে কিনা, আদেশ ২৮ জুন
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন থাকবে কিনা তা জানা যাবে রোববার।
তার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আদেশের জন্য ২৮ জুন দিন ঠিক করে দেন।
আদালতে ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
এর আগে গত ১৮ জুন নাশকতার তিন মামলায় বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত মির্জা ফখরুলকে জামিন দেয় উচ্চ আদালত।
বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাই কোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে রুলের ওপর শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন জামিনের ওই আদেশ দেয়।
এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়ে ২৫ জুন শুনানি করতে বলেন।
ছয় মাস ধরে বন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।
দশম জাতীয় সংসদের বর্ষপূতির দিনে বিএনপি সরকারবিরোধী আন্দোলনের ডাক দেওয়ার পরদিন ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের পর গ্রেপ্তার হন ফখরুল।
এরপর গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে পল্টন ও মতিঝিল থানার এই তিন মামলাসহ কয়েকটি মামলায় ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়।
বিচারিক আদালতে এসব মামলায় জামিন না পেয়ে হাই কোর্টে আসেন ফখরুলের আইনজীবীরা। বিএনপির এই নেতা অসুস্থ হয়ে পড়লে আদালতের নির্দেশে তাকে গত ১৩ জুন কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন ওয়ার্ডে ভর্তি করা হয়।
