২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি: জগন্নাথ ও কবি নজরুল ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ‘চাঁদা আদায় নিয়ে’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সরকারি কবি নজরুল কলেজের ছাত্রলীগের কর্মীদের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 07:30 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

বুধবার দুপুরে কবি নজরুল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মুহাম্মদ জানান। 
 
আহতরা হলেন- কবি নজরুল কলেজ ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজালাল, ছাত্রলীগ কর্মী কবীর, ফারুক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী কামরুল। 
 
প্রত্যক্ষদর্শী কয়েক শিক্ষার্থী জানান, কবি নজরুল কলেজের ব্যাংকে স্নাতকোত্তরে (মাস্টার্স) ভর্তিচ্ছুরা ফরম কেনার সময় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ২০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায় করতে শুরু করেন। এর জের ধরেই সংঘর্ষ বাঁধে। 
 
সংঘর্ষে আহত কবি নজরুল কলেজের ছাত্র শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী কামরুল গতকাল কলেজের ব্যাংকে টাকা জমা দিতে আসা শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা তুলছিল। আজ আবার ঝামেলা করতে চাইলে কয়েকজন শিক্ষার্থী তাদের বাধা দেয়। 
 
“এ সময় কামরুলসহ জগন্নাথ ছাত্রলীগের কয়েকজন আমাদের শিক্ষার্থীদের মারধর করে। পরে কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেয়। এ সময় ইটের আঘাতে কামরুলের মাথা কেটে যায়; আরও একজন আহত হয়।”
 
তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র কামরুল বলেছেন, তার বড় বোন কবি নজরুল কলেজে স্নাতকোত্তরে ভর্তি হতে চান। এজন্য বোনকে নিয়ে ফরম তুলতে গেলে কবি নজরুলের কয়েকজন শিক্ষার্থী তার কাছে চাঁদা দাবি করেন।
 
“আমি চাঁদা দিতে আপত্তি জানালে তারা আমাকে চলে যেতে বলে। বলে, পরদিন আসেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে তারা ইট দিয়ে আমার মাথায় আঘাত করে।”
 
এ ঘটনার পর জগন্নাথের প্রায় ৩০ জনের একটি দল এসে কবি নজরুল ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নূর মুহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওখানে গিয়ে আমাদের এক ছেলে টাকা জমা দিতে গেলে কবি নজরুল কলেজের ছেলেদের সাথে ধাক্কাধাক্কি মারামারি হয়। পরে মারামারির ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে আনা হয়েছে।”