২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলের মুক্তি বিলম্বিত করতে চাতুরি: বিএনপি

জামিন পাওয়ার পরও প্রশাসনিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে মির্জা ফখরুলের মুক্তি বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 08:15 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্রের দায়িত্ব থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ অভিযোগ করেন।

তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেয়েছেন। এখন সরকারের তরফ থেকে ভারপ্রাপ্ত মহাসচিবের মুক্তির ব্যাপারে যেসব বাধার সৃষ্টি করা হয়েছে, তা কোনও আইনি বাধা নয়, একেবারেই প্রশাসনিক বাধা।”

অ্যার্টনি জেনারেলের অফিস থেকে আগ বাড়িয়ে এক ধরনের বাধা সৃষ্টি করা হয়েছে অভিযোগ করে রিপন বলেন, ওইসব বাধা অপসারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি তরান্বিত করা হবে বলে প্রত্যাশা করছে বিএনপি।

বিরোধী দলের নেতা-কর্মীদের জামিন পাওয়ার ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন দলের মুখপাত্র।

বিএনপির নতাদের প্রতি সরকার বিরূপ আচরণ প্রদর্শন করছেন অভিযোগ করে রিপন বলেন, “রোজার মাসে সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আজকে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাই কোর্টে জামিন পেলে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে সোমবার আপিল বিভাগে আবেদন করে। পরে শুনানির জন্য আগামী ২৫ জুন দিন নির্ধারণ করে তা নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

এরআগে পল্টন থানায় দুটি ও মতিঝিল থানার একটি মামলায় গত ১৮ জুন হাই কোর্ট বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল পর্যন্ত মির্জা ফখরুলের জামিন মঞ্জুর করে।

রোববার পল্টন থানায় করা আরও তিন মামলায় অন্তবর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল। 

এই আদেশের পর বিএনপি নেতার আইনজীবীরা বলেছিলেন, ছয় মাস ধরে কারাবন্দি ফখরুলের মুক্তিতে এখন আর আইনি কোনো বাধা নেই।

এরপর সোমবার রাষ্ট্রপক্ষ ১৮ জুন দেওয়া জামিনের আদেশ স্থগিতের জন্য আপিল বিভাগে যায়।

বর্তমানে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।

এদিকে সংসদে পাস হওয়া মোবাইল কোর্ট আইনের সাজার বিষয়ে রিপন বলেন, মোবাইল কোর্ট নিয়ে যে আইনটি পাস হয়েছে তাতে অভিযোগ প্রমাণের আগেই যদি সাজার দিয়ে দেওয়া হয় তবে তা হবে দুর্ভাগ্যজনক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান খান, কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, এবিএম মোশাররফ হোসেন, আনোয়ার হোসেন, সুলতানা আহমেদ, সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া প্রমুখ।