নাছিরের পক্ষে সাক্ষ্য সাবেক তিন ছাত্রলীগ নেতা-কর্মীর
ছাত্রলীগের এক নেতাকে হত্যাচেষ্টার অভিযোগে ২২ বছর আগের এক মামলার সাক্ষী সংগঠনের সাবেক তিন নেতা-কর্মী আসামি আ জ ম নাছির উদ্দিনের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল হুদার আদালতে সাক্ষ্য দেন আবদুর রহমান, কে বি এম শাহজাহান ও জহিরুল ইসলাম চৌধুরী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা সাক্ষ্যে বলেছেন, তারা লালদীঘি মাঠে উপস্থিত ছিলেন। বাদী আবু সুফিয়ানের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। ওই সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছিল।”
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি লাল দীঘি মাঠে শেখ হাসিনার জনসভায় চট্টগ্রাম নগর ছাত্রলীগে তথনকার নেতা আবু সুফিয়ান সিদ্দিকীর উপর অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলার অভিযোগে মামলাটি করা হয়।
সুফিয়ান বাদী হয়ে তখন ছাত্রলীগের সাবেক নেতা নাছিরসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করেন। ওই বছরের ৭ মার্চ সব আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাটির বিচার সম্প্রতি শুরু হয়। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির।
এরপর গত ২৮ মে আদালতে মামলার বাদী সুফিয়ান বলেন, তখন বিএনপি সরকারের ‘চাপে’ তিনি আ জ ম নাছিরের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হয়েছিলেন।
ভোটের আগে গত ৬ এপ্রিল এ মামলায় আদালতে হাজিরা দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আ জ ম নাছির।
আসামি আ জ ম নাছির এবং ফেনী সদরের সাংসদ আওয়ামী লীগ নেতা নিজাম হাজারী মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে তাদের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
পিপি আবুল হাশেম বলেন, এখন পর্যন্ত মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
