২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদীর সাক্ষ্য বাতিলে খালেদার আবেদনের শুনানি শুরু

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর জবানবন্দি বাতিল করে নতুন করে সাক্ষ্যগ্রহণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি শুরু হয়েছে।  

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 10:35 PM

Updated : 22 Aug 2022, 12:39 PM

সোমবার বিচারপতি মো. মঈনুল ইসলাম ও বিচারপতি জে বি এম হাসানের হাই কোর্ট বেঞ্চে এই শুনানি হয়। মঙ্গলবার পুনরায় শুনানি হবে।

খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। তার পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও মাহবুবউদ্দিন খোকনও উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর দেওয়া সাক্ষ্য বাতিল ও নতুন করে সাক্ষ্যগ্রহণের জন্য নির্দেশনা চেয়ে ১৫ জুন খালেদা জিয়ার আইনজীবী ফৌজদারি রিভিশন আবেদন করেন।

পরদিন বিষয়টি কার্যতালিকায় এলে তার আইনজীবীরা সময় আবেদন করায় শুনানি মুলতবি হয়। এরই ধারাবাহিকতায় সোমবার শুনানি হল।

আদালত থেকে বেরিয়ে খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনানিতে আবেদনকারী পক্ষ নিম্ন আদালতের আদেশ, আবেদনের আরজি তুলে ধরেছে।

ব্যারিস্টার খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে কোনো ফৌজদারি মামলার আইন অনুযায়ী আসামির উপস্থিতিতে বাদীর সাক্ষ্য নিতে হয়, তা না হলে অনুমতি নিয়ে আইনজীবীর উপস্থিতিতে সাক্ষ্য নিতে হয়।

“এক্ষেত্রে তা হয়নি, যা বেআইনি,” বলেন তিনি।

খালেদার আইনজীবীরা জানান, পাঁচটি তারিখে খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাদীর সাক্ষ্য নেওয়া হয়েছে। নিয়ম হল আসামির উপস্থিতিতে সাক্ষ্য নিতে হয়। সর্বশেষ ২৫ মে সাক্ষ্য না নেওয়ার আবেদন জানানো হলে আদালত তা খারিজ করে দেয়। ওই আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন আবেদনটি করা হয়।

রিভিশন আবেদনে বাদীর সাক্ষ্য বাতিল করে খালেদা জিয়ার উপস্থিতিতে আবার সাক্ষ্য নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ওই সাক্ষ্য কেন বাতিল করা হবে না, সেই রুল চাওয়া হয়েছে।

রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত রাখার আরজি রয়েছে দুদক ও সরকারকে বিবাদী করে করা এই আবেদনে।

সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগে খালেদার বিরুদ্ধে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার চলছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে। এক মামলায় বাদী দুদক কর্মকর্তা হারুনুর রশিদের সাক্ষ্যগ্রহণও শেষ হয়েছে।

বার বার তাগিদ দেওয়ার পরও জামিনে থাকা খালেদা নির্ধারিত দিনে আদালতে না আসায় পাঁচ দিন আসামির অনুপস্থিতিতেই বাদীর সাক্ষ্য শোনে আদালত। আগামী ২৩ জুলাই পর্যন্ত বিচারিক আদালতে শুনানি মুলতবি রয়েছে।

জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অন্য মামলাটি দায়ের করে দুদক। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়।

২০১০ সালের ৫ অগাস্ট খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেন হারুনুর রশিদ।

গত বছর ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে দুই মামলায় অভিযোগ গঠনের পর তার বৈধতা ও অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করেও উচ্চ আদালতে গিয়েছিলেন খালেদা জিয়া। তবে তার আবেদনগুলো আপিলেও খারিজ হয়ে যায়।