ফখরুলের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি ২৫ জুন
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ২৫ জুন শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
জামিন মঞ্জুর করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে সোমবার রাষ্ট্রপক্ষ আবেদন জানালে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কোনো স্থগিতাদেশ না দিয়ে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
পল্টন থানায় দুটি ও মতিঝিল থানার একটি মামলায় গত ১৮ জুন হাই কোর্ট বিচারিক আদালতে অভিযোগপত্র দাখিল পর্যন্ত মির্জা ফখরুলের জামিন মঞ্জুর কর।
এর আগে রোববার পল্টন থানায় করা আরও তিন মামলায় অন্তবর্তীকালীন জামিন পান মির্জা ফখরুল।
এই আদেশের পর বিএনপি নেতার আইনজীবীরা বলেছিলেন, ছয় মাস ধরে কারাবন্দি ফখরুলের মুক্তিতে এখন আর আইনি কোনো বাধা নেই।
এরপর রাষ্ট্র পক্ষ ১৮ জুন দেওয়া জামিনের আদেশ স্থগিতের জন্য আপিল বিভাগে যায়। চেম্বার বিচারপতি স্থগিতাদেশ দিলে বিএনপি নেতার মুক্তি আটকে যেত।
চেম্বার বিচারপতির আদালতে রাষ্ট্র পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
ফখরুলের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন ও মাহবুবউদ্দিন খোকন।
খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্র পক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করেছিল, চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন।”
গত ৬ জানুয়ারি থেকে বন্দি ফখরুল বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। হাই কোর্টের এক আদেশের পর গত সপ্তাহে তাকে হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ।
ওই তিন মামলা: গাড়ি ভাংচুরের অভিযোগে চলতি বছরের ৪ জানুয়ারি পল্টন থানায় একটি মামলা করে পুলিশ। একইদিন গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে মতিঝিল থানায় অন্য মামলাটি করে পুলিশ। এ ছাড়া গত বছরের ২৯ ডিসেম্বর গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় পুলিশ আরেকটি মামলা করে।
