২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে ‘খালেদা বাদ’ আওয়াজ শুনছেন হানিফ

বিএনপি নেতা-কর্মীরা এখন আর খালেদা জিয়াকে নেতৃত্বে চাইছেন না বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

বুধবার ধানমণ্ডিতে নিজ দল আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকের পর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ দল সম্পর্কে এই দাবি করেন তিনি।

হানিফ সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়ার ব্যর্থতা ও ভুল সিদ্ধান্তের কারণে বিএনপির মধ্য থেকে তাকে বাদ দেওয়ার আওয়াজ উঠেছে।”

একই দিন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিএনপির অনেকে দল ছাড়তে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর সংসদ থেকে ছিটকে পড়া এবং সরকার হটাতে এই বছরের শুরুতে তিন মাস লাগাতার অবরোধ ডাকার পর পিছু হটার প্রেক্ষাপটে বিএনপিতে অসন্তোষ চলছে বলে কিছু দিন ধরেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা বলে আসছেন।

এর প্রতিক্রিয়ায় খালেদা জিয়া মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে। বিএনপি শক্তিশালীই রয়েছে।

হানিফ বলেন, “খালেদা জিয়া দলে নেতা-কর্মীদের বিরাগভাজন হয়ে সরকারের বিরুদ্ধে কথা বলে আলোচনায় থাকতে চাইছেন।”

দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যৌথসভা শেষে সাংবাদিকদের সামনে আসেন আওয়ামী লীগ নেতা হানিফ। এবার রমজানের মধ্যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হবে।   

হানিফ বলেন, “আমরা রমজানের পবিত্রতা রক্ষা করেই কীভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা যায়, তা নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।”  

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা মহানগর আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অংশ নেন।