বিএনপি ছাড়তে যোগাযোগ করছে অনেকে: কামরুল
বিএনপির অনেকে এখন দল ছাড়তে চাইছেন বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
“বিএনপির অনেক নেতা-কর্মী এখন আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তারা বলে, আমরা আর ওদের (বিএনপি) সঙ্গে নাই। আমরা মামলা থেকে মুক্তি চাই, আমরা বাঁচতে চাই।”
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল।
বিএনপি নিঃশেষ হয়ে গেছে বলে ক্ষমতাসীন দলের নেতাদের কথার পাল্টায় খালেদা জিয়ার বক্তব্যের একদিন বাদেই একথা বললেন কামরুল।
খালেদা জিয়া মঙ্গলবার তার কার্যালয়ের এক অনুষ্ঠানে বলেন, ‘সরকার নিয়ন্ত্রিত’ গণমাধ্যম বিএনপি ‘নিঃশেষ হচ্ছে’ বলে অপপ্রচার চালাচ্ছে। বিএনপি শক্তিশালী অবস্থায়ই রয়েছে।
খাদ্যমন্ত্রী বলেন, “খালেদা জিয়া বলেছেন, বিএনপি শেষ হয়ে যায়নি। আমি বলব, বিএনপিকে এখনও বাঁচিয়ে রেখেছে মিডিয়া। বেগম খালেদা জিয়া, আপনি নেতা-কর্মীদের যতই উৎসাহ দেন না কেন, আপনার নেতৃত্বের দিন শেষ।’
বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক শাখা আয়োজিত ‘বর্তমান সরকারের উন্নয়ন ও বিএনপির অপরাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভায় কামরুল ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগের সহ-সভাপতি আমিনুল হক ফারুক, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম, আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল কাদির।
