২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাচ্যুত হলে টুকরা টুকরা হবে আ. লীগ: খালেদা

ক্ষমতা থেকে হটানো গেল আওয়ামী লীগ দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2015, 12:28 AM

Updated : 25 Apr 2022, 01:30 PM

বিএনপির বর্তমান অবস্থাকে মুসলিম লীগের সঙ্গে তুলনা করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের পাল্টায় মঙ্গলবার নিজের কার্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি করেন তিনি। 

খালেদা বলেন, “আগে তারা ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। এবার তারা ক্ষমতা থেকে বিদায় নিলে তাদের অবস্থা মুসলিম লীগের মতো হবে। মুসলিম লীগ এত টুকরা হয়েছে, আওয়ামী লীগেরও একই অবস্থা হবে। আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকবে না।”

পাকিস্তান আমলে ক্ষমতায় থাকা মুসলিম লীগ এখন শুধু দলের অস্তিত্ব নিয়ে টিকে আছে। দলটি বিএনপি নেতৃত্বাধীন জোটেও রয়েছে। 

পরাজিত হবে জেনে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে রাজি নয় দাবি করে তাদের বাধ্য করতে সবাইকে আন্দোলনে নামার আহ্বান জানান খালেদা।

“ওরা (আওয়ামী লীগ) জানে, সুষ্ঠু নির্বাচন হলে তাদের কী অবস্থা হবে। সেজন্য ওরা ভোটেও যেতে চায় না। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আওয়ামী লীগকে অবশ্যই একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতেই হবে।”

বাংলাদেশে “গণতন্ত্রহীন’ অবস্থার অবসান ঘটবে আশা দিয়ে দলের নেতা-কর্মী-সমর্থকদের ধৈর্য ধরার পরামর্শ দেন বিএনপি চেয়ারপারসন।

“গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, আসবেও। তবে খুব বেশি দেরি হবে, সেটাও না। আবার গণতন্ত্র ফিরে আসবে, আপনারা একটু ধৈর্য ধরুন।”

নোয়াখালী জেলা আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে নির্বাচিত নেতাদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্য রাখেন খালেদা। আসন্ন বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী ফোরামের প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া, বর্তমান সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এ বি এম জাকারিয়া, সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, সমিতির সাবেক নেতা আবদুর রহিম, কামরুল ইসলাম, আবদুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

‘এখন যেই যায়, জেলে ভরে দেয়’

বাংলাদেশে বর্তমানে সুশাসন নেই দাবি করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, বিচারালয়ে গিয়েও সুবিচার পাচ্ছেন না তারা।

“আদালতে গেলে আমরা (বিরোধী দল) জামিন পাই না। আজ এখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার আসার কথা ছিল, তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে পরোয়ানা জারি করেছে। সে বিপদের মধ্যে আছে। অ্যাডভোকেট পাপিয়া আদালতে হাজিরা দিতে গেছে, তাকে ভরে দিয়েছে। এখন যেই যায়, তাকে ভরে দেয়। ওরা মনে করে, জেলে ভরে মিথ্যা মামলা দিয়ে বিএনপিকে শেষ করবে, বিএনপিকে ধবংস করবে। এতে কোনো লাভ হবে না।”

প্রধান বিচারপতির সাম্প্রতিক এক বক্তব্য উদ্ধৃত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “বিচারপতি সিনহা বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে অনেকে কটাক্ষ করে। আমরা চুপ করে থাকি। উচ্চ আদালত সব সময় স্বাধীন ছিল। এখন কথা উঠেছে নিম্ন আদালত ...।

“প্রধান বিচারপতি বলেছেন, উচ্চ আদালত সব সময় স্বাধীন ছিল। তিনি বলেছেন, ‘ছিল’। তার মানে এখন নেই। আরও বলেছেন, নিম্ন আদালত নির্বাহী বিভাগের হাতে। আমি প্রধান বিচারপতির এই কথার পর বলছি, মানুষ আজ কোথাও ন্যায়বিচার পাচ্ছে না।”

বিচারপতি নিয়োগে দলীয়করণ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

‘হাসিনা নয়, পুলিশের নিয়ন্ত্রণে’

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলেও দেশের নিয়ন্ত্রণ তার হাতে নেই বলে দাবি করেন বিএনপি চেয়ারপারসন।

“হাসিনার নিয়ন্ত্রণে নয়, পুলিশের নিয়ন্ত্রণে দেশ চলছে। পুলিশ বলছে যে আমরা এই সরকারকে টিকিয়ে রেখেছি, আমরা সবকিছু করি। ছাত্রলীগ হয়ে গেছে দৈত্য। একদিকে পুলিশ, অন্যদিকে ছাত্রলীগ-যুবলীগ মিলে বিএনপিকে ধ্বংস করতে চায়।”

শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ আখ্যায়িত করে তিনি বলেন, “হাসিনা কেবল স্বৈরাচারই নয়, সে খুনি। গুম-হত্যার সঙ্গে সরাসরি জড়িত। ইলিয়াস আলী, চৌধুরী আলম থেকে যতজন গুম হয়েছে, খুন হয়েছে, সব খুন-গুমের সঙ্গে তেনারা জড়িত।”

জঙ্গিবাদের উত্থানের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বিএনপি চেয়ারপারসন বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ আওয়ামী লীগের তৈরি। আওয়ামী লীগই এর সঙ্গে জড়িত। কিছুদিন পর পর আনসারুল্লাহ, রহমাতুল্লাহ বানানো হয়।

“যখনই তাদের (আওয়ামী লীগ) অবস্থা খারাপ হয়, তখন বিদেশিদের দেখানোর জন্য আনসারুল্লাহ, রহমাতুল্লাহকে ধরছি। বিদেশিদের বলে, আমরা না থাকলে এই জঙ্গিবাদের উত্থান হবে।”

বিএনপি ক্ষমতায় থাকাকালে জঙ্গিদের গ্রেপ্তারের পাশাপাশি সাজাও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।

তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, “এই সরকার সন্ত্রাসের কথা বলে। তাদের সরকারে এক দল-দুই দল থেকে আসা মন্ত্রী হয়েছেন। এরা কী সন্ত্রাসী নয়? এরা অতীতে কত মানুষ হত্যা করেছে।”

সংসদে শুধু বিএনপির বিরুদ্ধে গালমন্দ করা হয় বলেও দাবি করেন খালেদা।

‘সময়ের অপেক্ষায়’

বিএনপির নাজুক অবস্থা চলছে বলে ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্য ও গণমাধ্যমের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় খালেদা জিয়া বলেন, “বিএনপি শক্তিশালী ছিল, আছে এবং ইনশাল্লাহ থাকবে।

“আজকে সরকার খবরের কাগজগুলো নিয়ন্ত্রণ করছে। বিএনপির নামে উল্টা-পাল্টা, মিথ্যা-বানোয়াট, যা মর্জি হচ্ছে, তা লিখছে। ওই সব তাদের বানোয়াট ও মিথ্যা কথা। বিএনপি ঐক্যবদ্ধ আছে, এই দলে কোনো বিভেদ নেই।”

বর্তমানে বিএনপিতে পুনর্গঠনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, “দলকে সচল রাখার জন্য পুনর্গঠন করতে হয়। এটা একটা চলমান প্রক্রিয়া। এটাই আমরা করছি। সেজন্য বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপি নাই বা বিএনপি শক্তিশালী হতে পারছে না, এটা ঠিক নয়। আমরা ঠিক আছি। আমরা শুধু সময়ের অপেক্ষায় আছি।”

ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সহযোগী সব সংগঠনে নতুন নেতৃত্ব এনে পুনর্গঠিত করা হবে বলেও জানান বিএনপি চেয়ারপারসন।