মুজাহিদের মৃত্যুদণ্ড বহালে সিপিবির সন্তোষ
যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড আপিলের রায়েও বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
মঙ্গলবার রায়ের পর দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে বলেন, “কুখ্যাত এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তি দেশের সর্বোচ্চ আদালত বহাল রাখায় যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া আরেক ধাপ অগ্রসর হল।”
একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সক্রিয় সিপিবি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে।
মৃত্যুদণ্ডে দণ্ডিত মুজাহিদ জামায়াতের সেক্রেটারি জেনারেল। বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রীও ছিলেন তিনি।
সিপিভি সভাপতি বলেন, “যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চসহ সারাদেশে তরুণ-যুবসমাজসহ দেশবাসী যে আন্দোলন গড়ে তুলেছেন, জনতার সেই আন্দোলনের আবারও বিজয় অর্জিত হল।
“এই বিজয় শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনসহ জনগণের দীর্ঘদিনের আন্দোলনের বিজয়। এই রায়ে সমগ্র দেশবাসীর সাথে আমরাও সন্তোষ প্রকাশ করছি।”
মুজাহিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিও জানান সিপিবি সভাপতি।
