বিশেষ দূত থেকে এরশাদের ‘মুক্তি’ চান ফিরোজ
প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়ি্ত্ব থেকে এইচ এম এরশাদকে রেহাই দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ।
মঙ্গলবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর উদ্দেশে তিনি বলেন, “আমার দলের চেয়ারম্যান, তিনি আবার সরকারের মন্ত্রী। এটা থেকে রেহাই চায়। জাতীয় পার্টি একটি বড় দল। এই দলকে বাঁচতে দেন।”
তিনি আরও বলেন, “মাননীয় স্পিকার আমরা কি সত্যিকারের বিরোধী দল? আমি একসময় টকশোতে যেতাম। এখন কম যাই। মানুষ বলে তোমরা কেমন বিরোধী দল। লাউয়ের আগাও খাবা, গোড়াও খাবা। আমি আপনার কাছে এই প্রশ্নের জবাব চাই। কি করলে আমরা সত্যিকারের বিরোধী দল হব।”
ফিরোজের বক্তব্যের সময় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও দলের চেয়ারমান এই এম এরশাদ অধিবেশন কক্ষে ছিলেন না। তার পাশের আসনে ছিলেন সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
দশম সংসদের বিরোধী দলের আসনে আছে জাতীয় পার্টি। এই দলের তিন সংসদ সদস্য সরকারের মন্ত্রী। দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত।
স্পিকারদের উদ্দেশে ফিরোজ রশীদ আরও বলেন, “আপনি এমপিদের ন্যাম ফ্লাটে থাকতে দিয়েছেন। তারা ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে থাকেন। ছেলে মেয়েরা অনেকে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়। তিনি যখন এমপি থাকবেন না, তখন পরিবার নিয়ে তিনি কি সদরঘাট দিয়ে বাড়ি চলে যাবেন?”
“আমি দাবি করছি, যারা অতীতে ঢাকা শহরে প্লট নেন নাই। তাদের সবাইকে ঢাকা শহরে একটি করে প্লট দেওয়া হোক। উত্তরায় ৫ কাঠার জায়গা দেওয়া হোক।”
তিনি বলেন, “প্লট চাইলেই নদীর ওই পাড়ে দেখায়। নদীর ওইপাড়েই যদি যাবেন, তাহলে আরেকটু যান। পদ্মা পার হয়ে ওপাড় যান। সবাইকে ৪-৫ টা করে প্লট আমি দিব। কিনে দেওয়া লাগবে না। বাবার রেখে যাওয়া জমি থেকে দিলেও কমবে না। আমরা ৩ লাখ কোটি টাকার বাজেট পাস করে দেই। অথচ একটা প্লট দেবেন না?”
ফিরোজ বলেন, “একদল ক্ষমতায় আসলে আরেক দলের রাজনীতিবিদদের বিরুদ্ধে নানা মামলা দেওয়া হয়। চুরির মামলাও দেওয়া হয়। আবার ওই দল আসলে আগের দলের বিরুদ্ধে একই মামলা দেয়। এভাবে রাজনীতিবিদদের চোর বানানো হয়।
“আইয়ূব খানের আমলে আন্দোলন করে আমি জেলে গিয়েছিলাম। জেল খানায় আমাদেরকে একটা কার্ড দেওয়া হতো। সেখানে লেখা থাকতো, রাজবন্দি। সেই কার্ড দিয়ে আমরা সব সুযোগ সুবিধাই পেতাম। এখন মন্ত্রী জেলে গেলে বলে চোর জেলে গেছে।”
“রাজনীতিবিদরা যেভাবে একজন আরেকজনের বিরুদ্ধে কাজ করে সেভাবে একজন আমলা আরেকজনের বিরুদ্ধে কাজ করে না। একজন আরেকজনের বিরুদ্ধে ফাইল খোলে না। এখানেই রাজনীতিবিদ ও আমলার পার্থক্য।”
বাজেট আলোচনায় অংশ নিয়ে ফিরোজ রশীদ বলেন, “বড় লোকের সন্তানেরা বিদেশে হুন্ডি করে ব্ল্যাক মানি পাঠায়। এসব বড় লোকদের জন্য সব সময় বাজেটে সুযোগ রাখা হয়েছে। গরিবের জন্য কেউ কিছু করেনি।”
কক্সবাজার ও সুন্দরবনকে আকর্ষণীয় করতে কোনো উদ্যোগ না থাকার পরও বাজেটে এ খাতে অর্থ বরাদ্দের সমালোচন করেন তিনি।
