২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার অভিযোগ অস্বীকার পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী মঙ্গলবার সংসদে বলেছেন, ঢাকা সফরের সময় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠক সম্পর্কে কোনও মন্তব্য করেননি তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 07:17 PM

Updated : 12 Oct 2022, 03:51 PM

পুরনো খবর:

আমি ভারতবিরোধী নই, হিন্দুবিদ্বেষী নই: খালেদা

সংসদে এক বিবৃতিতে তিনি বলেন, একটি ভারতীয় সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়া অভিযোগ করেছেন, মোদীর সঙ্গে তার বৈঠক ঠেকাতে চেয়েছিল সরকার।

সাবেক বিরোধীদলীয় নেত্রী সরকারের বিরুদ্ধে অভিযোগের স্বপক্ষে পররাষ্ট্রমন্ত্রীর কথিত বক্তব্য উদ্ধৃত করেন।

ভারতের সানডে গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে খালেদা বলেন, “পররাষ্ট্রমন্ত্রী আগেই সাংবাদিকদের বলেছেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার কোন বৈঠক নেই’।”

খালেদা জিয়ার অভিযোগকে মিথ্যাচার আখ্যায়িত করে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী বলেন, “আমি বেগম জিয়ার এই দায়িত্বজ্ঞানহীন অভিযোগের নিন্দা জানাই। তিনি সবসময়ই নাৎসি প্রচার প্রধান গোয়েবলস-এর মিথ্যাচার কৌশলের একনিষ্ঠ অনুসারী। তিনি মনে করেন যে, মিথ্যাকে বার বার বললেই সত্যি হয়ে যায়। কিন্তু প্রতিবারই তিনি ও তার দল ধরা খেয়ে যান।”

মন্ত্রী সাংবাদিকদের কাছে কখনোই একথা বলেননি জানিয়ে এর প্রেক্ষাপট তুলে ধরেন।

মন্ত্রী বলেন, “এই সাক্ষাৎকারে তিনি আমার নামে অভিযোগ করেছেন যে, আমি নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় তার সঙ্গে বেগম জিয়ার বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছিলাম। আমি বেগম জিয়ার এই দায়িত্বজ্ঞানহীন অভিযোগের নিন্দা জানাই।”

সংসদে মন্ত্রী বলেন, গত ৫ জুন সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক তার কাছে জানতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের সম্ভাবনা রয়েছে কিনা।

“উত্তরে আমি বলেছিলাম, এই প্রশ্নের আলোচনার এখানে কোন সুযোগ আছে বলে আমার মনে হয় না। তবে পরদিন আমার বক্তব্যকে সম্পূর্ণ বিকৃত করে দৈনিক ইত্তেফাকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।”

মন্ত্রী আরও বলেন, “৮জুন সোমবার মন্ত্রিসভা বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করে। এই বৈঠকের উপর ৯ জুন ইত্তেফাকে একটি রিপোর্ট বের হয়। সেখানে বলা হয় যে,  ‘... বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে গত শুক্রবার সাংবাদিকদের জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কিন্তু রবিবার বিকালে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন খালেদা জিয়া। এতে মন্ত্রিসভার বৈঠকে সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী’।”

মন্ত্রী বলেন, “ষড়যন্ত্রটা কিন্তু এখন পরিষ্কার হয়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে আমরা একটি প্রতিবাদপত্র পাঠাই। তাতে মন্ত্রণালয়ের বক্তব্য ছিল, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ৫ জুন অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার সাথে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের কোন সিডিউল আছে কিনা- একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘এই প্রশ্নটি নিয়ে এখানে আলোচনার কোন অবকাশ নেই’।”

মন্ত্রী বলেন, “৮ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে কোন আলোচনাই হয়নি।”

প্রতিবাদপত্রটি ইত্তেফাক আংশিক ছাপায় জানিয়ে মন্ত্রী বলেন,  “বিশ্বাসের বন্ধনে তিস্তার পানি বণ্টন সমস্যারও সমাধান হবে’ শিরোনামে গত ৯ জুন দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের বিষয়ে ব্যাখ্যা দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (মিডিয়া) নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ। ব্যাখ্যায় তিনি বলেন, ‘৮ জুন অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে কোন আলোচনা হয়নি’।” 

মন্ত্রী বলেন, এতে তারা মিথ্যাটাও স্বীকার করে নিল।

১১ জুন বিএনপি মুখপত্র দৈনিক দিনকালে ‘অশালীন ভাষায় এই মিথ্যাচার বহুগুণ বাড়িয়ে একটি ব্যানার আইটেম’ করে বলেও সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী।

একটি টেলিভিশন আলোচনার সূত্র উল্লেখ করে মন্ত্রী বলেন, ওই আলোচনায় একজন সাংবাদিক জানান, তিনি ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

“তিনি (সাংবাদিক) বলেন, ‘আমি ছিলাম ওখানে। পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, এই প্রশ্ন নিয়ে এখানে আলোচনার কোন সুযোগ নেই’।”