২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি গাড়ি গেলে টাকা দিয়ে যেতে হবে: খালেদা

ফি বা মাশুল ছাড়া ভারতকে ট্রানজিট দিতে আপত্তি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2015, 10:52 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

রোববার নিজের কার্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি প্রতিবেশী দেশটির নাম উল্লেখ না করে শুধু ফি’র বিনিময়েই বাংলাদেশের সড়ক কিংবা অবকাঠামো ব্যবহার করতে দেওয়ার কথা বলেন।

প্রতিবেশী দেশটির সংবাদ মাধ্যমে ‘ভারতবিরোধী’ হিসেবে চিত্রিত খালেদা জিয়া এই বক্তব্যের এক দিন আগেই নয়া দিল্লিভিত্তিক একটি সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকারে বলেন, তিনি ভারতবিরোধী নন। তাকে ভারতবিরোধী বলে অপপ্রচার চালানো হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময় ভারতীয় ওই সংবাদিক বিএনপি চেয়ারপারসনের এই সাক্ষাৎকার নিয়েছিলেন। তখন মোদীর সঙ্গে খালেদার বৈঠক হয়েছিল, তার দলও ছিল ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ।

রোববারের অনুষ্ঠানে খালেদা জিয়া প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

“আমরা মনে করি, নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হতে হবে সমানে সমানে। সমান সমান হলে সেটাকে বলে বন্ধুত্ব। আর সমান সমান না হলে তাকে বন্ধুত্ব হয় না, তা হয় দাসত্ব।”

মোদীর সফরে আঞ্চলিক ‘কানেক্টিভিটি’ প্রতিষ্ঠায় মতৈক্যের প্রতি ইঙ্গিত করে খালেদা বলেন, “যমুনা সেতু অতিক্রম করে বগুড়া-পাবনা গেলে আপনাদের টোল দিতে হয়। সেতু ও সড়ক রক্ষণাবেক্ষণের জন্য এই টোল দিতে হয়।

“অন্য অনেকে আমাদের দেশ ব্যবহার করতে পারবে, তবে টোল দেবে না, টাকা-পয়সা দেবে না! আমাদের রাস্তা দিয়ে বড় বড় যানবাহন ও মালপত্র যাবে। রাস্তা কি এর লোড নিতে পারবে? কদিন পরেই তো রাস্তা নষ্ট হয়ে যাবে। যাওয়াতে তো বাধা দিচ্ছি না। টাকা দিয়ে যাবে।”

সুন্দরবনের কাছে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও বিরোধিতা করেন বিএনপি চেয়ারপারসন।

“সেখানে কয়লা বিদ্যুৎ প্রকল্প হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। এর জীব-বৈচিত্র্য, গাছ-পাল, পশু-পক্ষী সব কিছু শেষ হয়ে যাবে। আমাদের বিদ্যুৎ প্রকল্পের দরকার আছে। তবে তা কোনোভাবে রামপালে নয়। অন্য কোথাও তা হতে পারে।”

গুলশানে নিজের কার্যালয়ে ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্যে খালেদা ভারতের প্রসঙ্গ ছাড়াও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি পুনর্গঠন ও সরকারের সমালোচনাও করেন।

ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস

দল গোছানোর কাজ করছেন জানিয়ে খালেদা জিয়া এক্ষেত্রে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।  

তিনি বলেন, “গণমাধ্যমে যে যাই লেখুক না কেন, দল ঐক্যবদ্ধ আছে, সংগঠিত আছে। আমরা দল গোছাচ্ছি।

“তিন মাস আমি যখন অবরুদ্ধ ছিলাম, নেতা-কর্মীদের খোঁজ রেখেছি। যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল, দলের প্রতি নিবেদিত, যারা দলের সঙ্গে বেঈমানি করেনি, অবশ্যই আমরা তাদের সম্মানিত করব।”

বিভিন্ন মামলায় বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীদের আসামি করা এবং কারারুদ্ধ করায় ক্ষোভ জানান বিএনপি চেয়ারপারসন।

“সারাদেশে আমাদের নির্বাচিত মেয়রদেরও বরখাস্ত করছে, জেলে বন্দি রেখেছে। এটা তারা করতে পারে না। আমরা ভেবেছিলাম, আদালতে ন্যায় বিচার পাব। আদালতও নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না।”

‘রাজতন্ত্র চলছে’

আওয়ামী লীগের শাসনে দেশ ‘নিরাপদ’ নয় দাবি করে খালেদা বলেন, “এখন দেশে চলছে পুরো রাজতন্ত্র। এক পরিবারের শাসন। এক পরিবার সব কিছু পাবে, সব কিছু দেখবে। ওই পরিবারের আজীবন সুযোগ-সুবিধা পাবে। দেশের মানুষ ভাত পাক আর না পাক, কিন্তু ওই পরিবারের সুযোগ সুবিধা থাকতে হবে।”

সরকার জনপ্রিয়তা হারিয়ে পুলিশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।  

“এখন পুলিশ এত বেশি হয়ে গেছে যে, তারা সরকারের চেয়ে বড়। তারা গুম-খুন করছে, যা কিছু করছে। তারা এখন বলে বেড়ায়, তারাই সরকার টিকিয়ে রেখেছে।”

“জনপ্রশাসন, পুলিশ-র‌্যাব দিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না, যাবে না,” সরকারকে হুঁশিয়ার করেন বিএনপি চেয়ারপারসন।

আগামী ১৩ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে লড়ে নিজেদের প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।

“সরকার নিবার্চনকে ভয় পায়। বিভিন্ন সিটি করপোরেশনে কীভাবে তারা ভোট কারচুপি, ব্যালট পেপারে সিল মেরে বাক্সভর্তি করেছে, তা দেশের মানুষ ও বিশ্ববাসী গণমাধ্যমের মাধ্যমে দেখেছে। তবে বিভিন্ন জেলার বার, সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে আমাদের দল সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে। এসব প্রতিষ্ঠানে বিজয়ী হলে আমাদের শক্তিটা থাকবে।”

খালেদা বলেন, “পরাজয়ের ভয়ে তারা (সরকার) বার কাউন্সিল নির্বাচন পিছিয়ে দিয়েছে। এখন ঠিক একইভাবে জাতীয় প্রেস ক্লাবেও সরকার ঝামেলা করে রেখেছে। সেখানে জিততে পারবে না বিধায় তারা এই ঝামেলা করেছে।”

এই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সম্পাদক এ এম মাহবুবউদ্দিন খোকন, ময়মনসিংহ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নুরুল হক, অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, আবুল বাশার, রেজাউল করীম বক্তব্য রাখেন।