কর্মকর্তা ও রাজনীতিকদের দুর্নীতি ধরা কঠিন: ইনু
প্রশাসনের কর্মকর্তা ও রাজনীতিকদের দুর্নীতি ধরা খুবই ‘কঠিন’ কাজ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট(পিআইবি) মিলনায়তনে দুর্নীতিবিরোধী প্রতিবেদনের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের দুর্নীতি ধরা খুবই কঠিন।
“পানির ভেতরের মাছ কখন জল পান করে সেটা বোঝা যেমন দুরূহ ব্যাপার, তেমনিভাবে তাদের দুর্নীতি ধরা খুবই কঠিন কাজ।”
তথ্যমন্ত্রী বলেন, “দুর্নীতিবাজরা আইনের ফাঁক-ফোঁকরের মধ্যে বিচরণ করে। আর সেই ফাঁক-ফোঁকরের মধ্য দিয়েই দুর্নীতি করে প্রশাসনের বড় বড় কর্মকর্তারা।”
দুর্নীতিবাজদের ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম মন্তব্য করে তিনি বলেন, “অপ্রিয় হলেও সত্য গণমাধ্যম যদি দুর্নীতিবাজদের সঙ্গে লেনদেনের সম্পর্ক গড়ে তোলে, তাহলে দুর্নীতি প্রতিরোধ করার সুযোগ থাকে না।’
অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী প্রতিবেদনের জন্য পুরস্কার পান দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সল ইসলাম, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মুজিবুর রহমান মাসুদ, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার শামীমা সুলতানা ও মাছরাঙা টেলিভিশনের সিনিয়র ক্যামেরাপারসন কামরুজ্জামান ফিরোজ।
তাদেরকে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। একই সঙ্গে তারা গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নেওয়ারও সুযোগ পাবেন।
সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্যসচিব মো. মোর্তুজা আহমেদ, দুর্নীতি দমন কমিশনের কমিশনার নাসিরউদ্দিন আহমেদ, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
