২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্যপণ্যের ‘অগ্নিমূল্যে’ উদ্বেগ নোমানের

রোজার আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেক বেড়েছে দাবি করে তাতে উদ্বেগ জানিয়েছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2015, 03:33 PM

Updated : 26 Jul 2022, 12:01 PM

শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “সামনে রোজা। বাজারে গিয়ে দেখুন, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। রিকশাওয়ালা, দিনমজুরসহ মধ্যবিত্তরা নিঃশেষ হয়ে যাচ্ছে। দ্রব্যের এরকম অগ্নিমূল্যে তাদের বাঁচার কোনো উপায় নেই।”

রোজায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলে আসছেন। মজুদ যথেষ্ট রয়েছে জানিয়ে পণ্যমূল্য বাড়বে না বলে আশ্বস্ত করছেন ব্যবসায়ী নেতারাও।

বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, “এই অগ্নিমূল্যের কথা যখনই বাণিজ্যমন্ত্রী তোফায়েল সাহেব বলেন অথবা এফবিসিসিআইয়ের সভাপতি কথা বলেন, তার পর দিন দেখা যায়, আরেকটু দাম বেড়ে গেছে। বাড়তে বাড়তে এটা এমন এক পর্যায়ে চলে যাচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।”

জাতীয় প্রেসক্লাবে ‘ভারতের প্রধানমন্ত্রীর সফর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনা সভায় বক্তব্যে নোমান দাবি করেন, নরেন্দ্র মোদীর সফরে তার সঙ্গে খালেদা জিয়ার বৈঠক ঠেকাতে চেষ্টা চালিয়েও সফল হয়নি সরকার।

“তারা (সরকার) মনে করেছিল, খালেদা জিয়ার সঙ্গে জনাব মোদীর বৈঠক না করতে পারলেই এটা তাদের একটা বড় অর্জন হবে। এটা রাজনীতিতে অনেকদিন প্রচার করতে তারা পারবে।”

‘ফ্যাসিবাদী’ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটাতে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার আহ্বানও জানান নোমান।

আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনও বক্তব্য রাখেন।