২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে ‘ইমেজ খারাপ’ বুঝে বিএনপির উল্টো সুর: হানিফ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে পর দেশটির কাছে নিজেদের ‘অবস্থান খুবই খারাপ’ বুঝতে পেরে বিএনপি সুর পাল্টে ভারতবিরোধিতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2015, 09:22 PM

Updated : 22 Aug 2022, 12:33 PM

বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া নিজ বাসভবনে ‘মোদির সফরে সম্পাদিত বেশির ভাগ চুক্তিতেই ভারতের স্বার্থ রক্ষা হয়েছে’ বিএনপিপন্থি পেশাজীবিদের নেতা অধ্যাপক এমাজউদ্দীন আহমদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি।

হানিফ বলেন, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের কর্মসূচি ঘোষণার পর হঠাৎ করেই সব নেতারা একসঙ্গে বলা শুরু করল- ‘বিএনপি কখনো ভারতবিরোধী রাজনীতি করে না এবং ভবিষ্যতেও করবে না।’

“কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর সাথে খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার হওয়ার পর নরেন্দ্র মোদী খালেদা জিয়াকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন- ভারত কখনো সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না এবং সর্মথন করে না। বিএনপি নেত্রী যে এই দেশে সন্ত্রাস এবং জঙ্গীবাদকে প্রশ্রয় দিয়ে লালন করে প্রতিষ্ঠিত করেছে- এটা গোটা বিশ্ববাসীর জানা।

“এই কথাটা বলার কারণেই বিএনপি বুঝতে পেরেছে ভারতের কাছে তাদের অবস্থান খুবই খারাপ। সে কারণে তারা আবার সুর পাল্টে ভারতবিরোধিতা শুরু করেছে। তার ধারবাহিকতার অংশ হিসাবে বিএনপির ড. এমাজ উদ্দিন সাহেব এই মন্তব্য করেছে।”

হানিফ বলেন, “এটা বাংলাদেশে নতুন কিছু নয়। বিএনপির রাজনীতির মূল অস্ত্র হচ্ছে- তারা ভারত বিরোধিতা। প্রতিষ্ঠার পর থেকেই ভারতবিরোধী রাজনীতি করে আসছে। সেটা দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে।”

নওগাঁর কলমুডাঙ্গা সীমান্তে বাংলাদেশিকে গলা কেটে হত্যার ঘটনায় ভারত-বাংলাদেশ সর্ম্পকে কোনো প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এই হত্যাকাণ্ড যে বিএসএফ করেছে তা প্রমাণিত নয়। সীমান্তে গলাকাটা লাশ পাওয়া গেছে, এটা তদন্ত হচ্ছে, তদন্তের পর জানা যাবে কারা দায়ী। ভারতের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন সীমান্ত হত্যা বন্ধ হওয়ার ব্যাপারে তারা আন্তরিক।”

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী উপস্থিত ছিলেন।

পরে কুষ্টিয়া জেলার পরিবহন ব্যবসায়ীদের সঙ্গে মতবনিময় সভায় যোগ দেন তিনি।