চুক্তি সংসদের মাধ্যমে প্রকাশ চান এমাজউদ্দীন
ভারতের সঙ্গে হওয়া চুক্তি সংসদের মাধ্যমে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপিপন্থি পেশাজীবী নেতা অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।
বুধবার এক আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক উপাচার্য বলেন, “ভারতের সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, তা যাতে সুস্পষ্টভাবে জাতি জানতে পারে, এটা সেজন্য প্রথমে প্রয়োজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন। এরপর রাষ্ট্রপতি সংসদে উপস্থাপন করে অনুমোদিত আকারে জাতিকে জানাবেন। এটা সংবিধানের বাধ্যবাধকতা। জাতির দাবি এটা।”
গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় দুই দিনের রাষ্ট্রীয় সফর করে গেছেন।
সফরকালে দ্বিপক্ষীয় বাণিজ্য, উপকূলীয় জাহাজ চলাচল ও দুই রুটে বাস চলাচলের বিষয়ে চারটি চুক্তিসহ বাংলাদেশ-ভারতের মধ্যে মোট ১৯টি চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক সই হয়।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ উদ্যোগে ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
অধ্যাপক এমাজউদ্দীন বলেন, “ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তিগুলো সংসদে উপস্থাপিত হলে তা আলোচনা হবে। সংসদের বাইরেও হবে। তখন সব কিছু জাতির কাছে সুস্পষ্টভাবে ধরা পড়বে। কোথাও লুকোনো-ছাপানোর ব্যবস্থা থাকার আর কথা নয়। কখন হবে জানি না।”
সীমান্তহত্যা নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যে কিছু থাকবে এমন আশা ছিল জানিয়ে অধ্যাপক এমাজউদ্দীন বলেন, “তিনি ভালো কথা বলেন। সাধারণ মানুষের জন্য চমৎকার কথা বলেন। ভারত-বাংলাদেশের সীমান্তে বছরে প্রায় এক হাজার মানুষ মারা যায়। তার এই সফরে একটি কথাও আলোচনা হলো না।
“কেবল তাই নয়, তিতাস নদীর পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার বিষয়টি আলোচনা হয়নি। বারে বারে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টিও বলা হলেও তার কোনো সুরাহা এবারো হলো না।”
সীমান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করে রাষ্ট্র বিজ্ঞানের এই অধ্যাপক বলেন, “দুই প্রধান নেতা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিব ও ভারতের ইন্দিরা গান্ধীর মধ্যে যে সীমান্ত চুক্তি হয়েছে, তা কীভাবে বাস্তবায়িত হয়, তা দেখার বিষয়।
“আমার সন্দেহ হয়, একটা জায়গার একাংশ আমরা ভারতের হাতে তুলে দিয়েছি। আর ছোট একটি জায়গা তিন বিঘা জায়গা যা ফুটবল খেলার মাঠের মতো, এই করিডোর সম্পর্কে একটি কথাও আলোচনা হতে শুনিনি।”
বর্তমান সরকার ‘জনপ্রতিনিধির সরকার নয়’ দাবি করে অধ্যাপক এমাজউদ্দীন বলেন, “আমরা চাই, বাংলাদেশ শক্তিশালী হউক। জনগণের সমর্থনপুষ্ট সরকার এখানে আসুক। বাংলাদেশ ছোট দেশ নয়, ১৬ কোটির জনসমষ্টির দেশ।”
‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ সভাপতি কে এম রকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, সাবেক সাংসদ শাহ আবু জাফর, কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, কল্যাণ পার্টির সহসভাপতি শাহিদুর রহমান তামান্না, সাবেক ছাত্র নেতা সুরঞ্জন ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
