২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি মোদীর কাছে প্রত্যাখ্যাত: মতিয়া

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিএনপির রাজনীতি প্রত্যাখ্যাত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 11:55 PM

Updated : 22 Aug 2022, 12:31 PM

“ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাক্ষাতের সময় মোদীর বক্তব্যই তার প্রমাণ,” বলেছেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার বৈঠকে বাংলাদেশে ‘গণতন্ত্রহীনতার’ কথা খালেদা জিয়া তুলে ধরেন খালেদা জিয়া। মোদীর পক্ষ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের কথা জানানো হয়।

মতিয়া সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক সমাবেশে বলেন, “মোদী যে সন্ত্রাস, জঙ্গিবাদ পছন্দ করেন না, সেটা তো অন্য কাউকে বলেননি, বলেছেন খালেদা জিয়াকে। এতেই প্রমাণিত হয়, বিএনপির রাজনীতি মোদীর কাছে প্রত্যাখ্যান হয়েছে।”

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফও বক্তব্য রাখেন।

তিনি বলেন, “খালেদা ভেবেছিল, ভারতের বিরোধিতা করলেই পাকিস্তানি ও পশ্চিমা প্রভুরা খুশি হয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। তাই সে সময় তিনি (খালেদা) বাংলাদেশে সফরত ভারতের রাষ্ট্রপতিকে অপমান করেছিলেন।

“কিন্তু যখন বুঝতে পারলেন পশ্চিমা প্রভুদের উপর ভর করে ক্ষমতায় যাওয়া যাবে না, তখন তিনি মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে পাগল হয়ে গেছেন। মোদীও বলে দিয়েছেন, ভারত কখনও জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না।”

সমাবেশে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন, সমৃদ্ধির প্রশংসা করেছেন মোদী। আর তার পায়ে ধরে দেখা করে গণতন্ত্র নাই বলেছেন খালেদা।”

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মো. সেলিম, মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, দপ্তর সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।