২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় আ. লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 07:34 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

সোমবার দুপুরে সোনাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাবলু (৪৫) উপজেলার নিমাগাছি ইউনিয়নের মাজবাড়ী গ্রামের দেলবর হোসেন প্রামানিকের ছেলে।

তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছেন নিমাগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নবাব আলী।

ধুনট থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, ২০০৮ সালে ৩১ ডিসেম্বর মাজবাড়ী গ্রামের মজিবর রহমানের দুই ছেলে আওয়ামী লীগকর্মী লালমিয়া ও কালাচাঁদকে খুন করা হয়। ডাবলু ওই মামলার আসামি ছিলেন।

তিনি বলেন, “যারা ডাবলুকে খুন করেছে তারা ওই ডাবল মার্ডারেরও আসামি। লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।”

মাজবাড়ী গ্রামের ফটিক উদ্দিন বলেন, দুপুরে পাশের সোনাহাটা বাজার থেকে বাড়ি ফিরছিলেন ডাবলু। পথে ৫/৬ জন লোক ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

উদ্ধার করে ডাবলুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান ফটিক।

ডাবলু ৬/৭ মাস আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয় বলেও জানান ফটিক উদ্দিন।