রফিকুল ও আমানের বিরুদ্ধে পরোয়ানা
বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও আমানউল্লাহ আমানসহ ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় তাদের গ্রেপ্তারের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌশুলি তাপস কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় অভিযোগপত্র গ্রহণ ও মামলা আমলে নেওয়ার ধার্য দিনে আসামিরা হাজির না হওয়ায় বিচারক এ আদেশ দেন।
মামলার অভিযোগপত্র ভুক্ত ৪২ আসামির মধ্যে এই ২৭ জন পলাতক রয়েছেন। বাকিদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ কয়েকজন জামিনে রয়েছেন। কেউ কেউ কারাগারে রয়েছেন।
মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতাল সফল করতে মিরপুর মডেল থানার জনসেবা প্রকল্প অফিসের সামনে জড়ো হয়ে রাস্তায় চলাচলরত যানবাহনের যাত্রীদের হত্যার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির ভাংচুরসহ অগ্নিসংযোগের চেষ্টা করেন আসামিরা।
এ ঘটনায় ওই দিনই মিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার রাজিব আহমেদ মামলা দায়ের করেন।
২০১৫ সালের ২৪ মার্চ মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ৪২ জনকে আসামি করে দুটি অভিযোগপত্র দাখিল করেন।
