২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৭ দিনের মধ্যে ব্যানার-পোস্টার সরাবে ছাত্রলীগ

ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় টাঙানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার এক সপ্তাহের মধ্যে সরানোর ঘোষণা দিয়েছেন সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 08:30 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নবনির্বাচিত নেতাদের নিয়ে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে সোহাগ বলেন, “ঢাকা শহরের দুটি বড়ো ইউনিটের সম্মেলন উপলক্ষে রাজধানী সেজেছিল এক বর্ণিল সাজে। আমরা আনন্দ করেছি, আবেগ ও উচ্ছ্বাস প্রকাশ করেছি, সহযোগিতা আর সমর্থন জানিয়েছি।

“তাই এখন অবশিষ্ট দায়িত্বটুকু নিজেরাই পালন করতে চাই। সম্মেলন উপলক্ষে লাগানো বিভিন্ন ব্যানার, ফেস্টুন, পোস্টার আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে।”

১২ জুনের পর কোথাও ব্যানার, পোস্টার ও ফেস্টুন দেখা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ‘কঠোর’ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন সোহাগ।

তিনি বলেন, “প্রত্যেকটি ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি- নিজ নিজ ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করবেন। ১২ জুনের পর সম্মেলন উপলক্ষে লাগানো কোনো ব্যানার, ফেস্টুন, পোস্টার রাজধানীর কোথাও দেখা গেলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

অবৈধভাবে বিলবোর্ড ব্যবহার না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, “দুই সিটি করপোরেশন এলাকা ছাড়াও ছাত্রলীগের ১০১টি জেলা ইউনিট, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখাকে নির্দেশ দিচ্ছি-দেশের কোথাও কোনো বিলবোর্ড ব্যবহার করতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জয়দেব নন্দী, চঞ্চল কর্মকার, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পদক তরিকুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অরুপ সরকার, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্ল্যা, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ এবং মহানগর দক্ষিণের সভাপতি বায়োজিদ আহমেদ ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেন উপস্থিত ছিলেন।