২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনির্বাচিতের’ এই বাজেটে আস্থা নেই: আমীর খসরু

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে ‘অনির্বাচিত’ আখ্যায়িত করে তাদের দেওয়া বাজেট নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 11:07 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

বিএনপিবিহীন সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রতিক্রিয়া জানতে চাইলে একথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

“এই বাজেট দেওয়া হয়েছে একটি অনির্বাচিত সংসদে একটি অনির্বাচিত সরকার দ্বারা। প্রস্তাবিত বাজেটের মূলেই সমস্যা রয়েছে,” বলেন তিনি।

হোটেল সারিনায় একথা বলার পর সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বাজেট নিয়ে কিছু কথা বলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু।

দুই লাখ কোটি রাজস্ব আদায়ের লক্ষ্য ধরে ৩ লাখ কোটি টাকার এই বাজেট বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। এজন্য সরকারি খাতে ‘ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপচয়’কে দায়ী করেছেন তিনি।

আমীর খসরু বলেন, “ফলে অতীতেও বাজেটের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, সুতরাং প্রস্তাবিত বাজেটে নতুন করে হওয়ার তো কিছু নেই।”

তিনি বলেন, ষষ্ঠ পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার আওতার এই বাজেট হয়েছে, যার সঙ্গে গত পঞ্চম পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার কোনো মিল নেই। দুই পঞ্চ-বার্ষিকী পরিকল্পনার তুলনা করলে দেখা যাবে প্রতিটি ক্ষেত্রে তাদের (সরকার) ব্যর্থতা ছাড়া আর কিছুই নেই।

“আমরা শেষ বছরে প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধি রেখে এসেছিলাম। প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী প্রবণতার ওই প্রেক্ষাপটে ষষ্ঠ পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। আজ ৭/৮ বছর পর দেখা যাচ্ছে যে, বিএনপির রেখে যাওয়া প্রবৃদ্ধি থেকেও এখন তা নিম্নগামী।”

এর কারণ হিসেবে দুর্নীতিকেই দায়ী করেন সাবেক এই মন্ত্রী।

“সরকারের সুশাসনের অভাব রয়েছে। দুর্নীতির বিরাট অঙ্ক এখানে যুক্ত রয়েছে। যেসব দুর্নীতির ঘটনা ঘটেছে, তার কোনো বিচার হয়নি। আছে অব্যবস্থাপনা ও অপচয়।”

ব্যাংক খাত ও পুঁজিবাজারে ‘লুটপাটের’ কোনো সুরাহা না হওয়ায় বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়েছে বলে মনে করেন তিনি।

বিনিয়োগ খরার কারণ হিসেবে সরকারে ‘অপশাসনকে’ দায়ী করে আমীর খসরু বলেন, “গণতন্ত্র, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, আইনের শাসন ও মানুষের জীবনের নিরাপত্তার যে ঘাটতি রয়েছে, তাতে কোনো পরিবর্তন আসেনি। এসব বিষয়গুলো বিনিয়োগকারীরা বিবেচনা করে থাকে।

“তারা একটি অনির্বাচিত সরকারের মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে। এদের ওপর বিনিয়োগকারীদের কোনো আস্থা নেই। দেশি-বিদেশি কারও কোনো আস্থা নেই।”

“আগের বাজেটগুলোতেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ থেকে কোনো কিছুই হবে বলে মনে হচ্ছে না,” বলেন বিএনপি নেতা।