একমাত্র শেখ হাসিনার দ্বারাই উন্নয়ন সম্ভব: রাজ্জাক
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশের উন্নয়নে তার বিকল্প নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক।
তিনি বলেছেন, “একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারাই দেশের উন্নয়ন সম্ভব। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের যে উন্নয়ন করছেন, তার হিসাব বলে শেষ করা যাবে না।”
সোমবার রাজধানীর বিএমএ মিলনায়তনে শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।
সাবেক খাদ্যমন্ত্রী রাজ্জাক বলেন, “দেশে একের পর এক নতুন নতুন বিষয় পরিকল্পনায় এনে বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি (হাসিনা)। তার সাথে আমি অনেক দেশ ঘুরেছি, তখন দেখেছি তিনি যে দেশেই উন্নয়নের কিছু দেখতেন, সেটাই আমাদের দেশের জন্য আনতেন। তার বেশিরভাগই ছিল কৃষি খাতে।”
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সহ-সভাপতি অধ্যাপক কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, বিএমএর সভাপতি মাহমুদ হাসান প্রমুখ।
