২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেশি গণতন্ত্রে’ বিশ্বাস করি না: নাসিম

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় গণতন্ত্র যে পথে এগিয়েছে বাংলাদেশও সে পথে এগোবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2015, 10:02 PM

Updated : 22 Aug 2022, 12:17 PM

তিনি বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তবে বেশি গণতন্ত্রে বিশ্বাস করি না। সিঙ্গাপুর এবং মালয়েশিয়া যে পথে এগিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশেও সে পথে গণতন্ত্র চলবে।”

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, “যে গণতন্ত্র মানুষ পুড়িয়ে মারে। যে গণতন্ত্র পেট্রোল বোমা মারে। যে গণতন্ত্র বঙ্গবন্ধুর হত্যাকারীদের আশ্রয় দেয়। সে গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না।”

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি বার বার ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তাই আপনার দল আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। আমাদের একমাত্র লক্ষ্য ২০১৯ সালে জনগণের রায় নেওয়া। এমন কোন কাজ আমরা করবো না যেটাতে জনগণের মনে আমাদের বিষয়ে খারাপ ধারণা সৃষ্টি হয়।”

তিন সিটিতে নির্বাচনের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “খেলা শুরু হয়েছিল, রেফারি ছিল নির্বাচন কমিশন। কিন্তু আপনি খেলার মাঠ থেকে পালিয়ে গেলেন। আপনি যদি এভাবে পালিয়ে যান তাহলে আপনাকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।”

শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালের নির্বাচনে বিএনপিকে ‘হোয়াইট ওয়াশ’ করা হবে বলেও জানান তিনি।

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ।

এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।