শফীর সঙ্গে দেখা করে ‘দোয়া নিলেন’ নাছির
হাটহাজারী মাদ্রাসার এক অনুষ্ঠানে যোগ দিয়ে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর ‘দোয়া নিয়েছেন’ চট্টগ্রামের নতুন মেয়র আ জ ম নাছির উদ্দিন, যে ‘মাহফিলে’ রাষ্ট্রের ‘ধর্ম নিরপেক্ষ’ নীতির সমালোচনা করেছেন হেফাজতপ্রধান।
আহমদ শফী বলেছেন, “ধর্ম নিরপেক্ষতার নামে শিক্ষা, সংস্কৃতি ও আদর্শিকভাবে মানুষকে ধর্মহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”
হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা) দাওরায়ে হাদিস শ্রেণির শিক্ষা সমাপনী উপলক্ষে শুক্রবার আখেরি মোনাজাত ও দোয়া মাহফিলের এ আয়োজন করা হয়। হেফাজত আমির শফী ওই মাদ্রাসার মহাপরিচালক।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘শফী হুজুরের’ সঙ্গে দেখা করতে, তার ‘দোয়া নিতেই’ তিনি ওই অনুষ্ঠানে যান।
হেফাজত আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মাদ্রাসার মসজিদেই জুমার নামাজ পড়েন মেয়র নাছির। পরে ‘বড় হুজুরের’ সঙ্গে ‘কুশল বিনিময়’ করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
“বিকাল সাড়ে ৩টার দিকে মাদ্রাসার দাওরায়ে হাদিসের খতমে বুখারি ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। সাড়ে ৪টার দিকে মাদ্রাসা ত্যাগ করেন।”
অনুষ্ঠানে আহমদ শফীর বক্তব্য উল্লেখ করে হেফাজতে ইসলামের একটি সংবাদ বিজ্ঞপ্তি সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো হয়।
অনুষ্ঠানে শফী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে শিয়া-সুন্নী সংঘাত ‘উসকে দেওয়ার পাশাপাশি’ বাংলাদেশেও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ‘নানামুখী ষড়যন্ত্র’ চালানো হচ্ছে।
“ওলামা-মাশায়েখ ও মাদ্রাসা শিক্ষার সঙ্গে কথিত জঙ্গিবাদকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ধর্ম নিরপেক্ষতার নামে শিক্ষা, সংস্কৃতি ও আদর্শিকভাবে মানুষকে ধর্মহীনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “ইসলামের আবশ্যকীয় বিধি-বিধানের অপব্যাখ্যা করা হচ্ছে। উদ্বেগের বিষয়, এসব ইসলামবিরোধী কর্মকাণ্ডে নাস্তিক্যবাদী ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি সরকারের উচ্চপদস্থ লোকজনকেও প্রকাশ্য ইসলামবিরোধী কর্মকাণ্ডে উসকানি দিতে দেখা যায়।”
স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের পর রচিত সংবিধানে জাতীয় চার মূলনীতির অন্যতম ছিল ধর্ম নিরপেক্ষতা। সামরিক সরকারের সময় তা বাদ দেওয়া হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার তা ফিরিয়ে আনা হয়।
কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বরাবরই ধর্ম নিরপেক্ষতার বিরোধিতা করে আসছে। রাষ্ট্রের বিভিন্ন নীতির বিরোধিতায় বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক আন্দোলনে রাজপথেও দেখা গেছে তাদের।
সরকারের নারী উন্নয়ন নীতির বিরোধিতা করে ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালায় এ সংগঠনের কর্মীরা, যে ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে।
গতবছর এপ্রিলেও কক্সবাজারের চকরিয়ায় এক অনুষ্ঠানে হেফাজত আমির শফী বলেন, নাস্তিকদের ‘কতল (হত্যা) করা ওয়াজিব’ হয়ে গেছে।
২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সোয়া দুই বছরে অন্তত চারজন সাম্প্রদায়িকতাবিরোধী ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টকে জঙ্গি কায়দায় হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।
আওয়ামী লীগ নেতা নাছির ওই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কোনো বক্তব্য দেননি।
আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে জানতে চাইলে নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনার কাছেই তো গিয়েছি। কথাবার্তা হয়েছে। দোয়া চাইলাম।”
নগর আওয়ামী লীগের এই নেতা বলেন, “উনি (শফী) বলেছেন জনগণের জন্য কাজ করে যেতে। উনি সহযোগিতা করবেন। একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। নামাজও পড়েছি।”
হেফাজত আমির ও মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমেদ শফী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন।
সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, মাদ্রাসার মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ, মুফতি জসিম উদ্দিন, মাওলানা ফোরকান আহমদ ও মাওলানা আশরাফ আলী নিজামপুরী অনুষ্ঠানে বক্তব্য দেন।
