২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইলিয়াস আলীকেও হাজির করুন: মেনন

সালাহ উদ্দিন আহমেদের দুই মাস ‘নিখোঁজ’ থাকার ঘটনাকে বিএনপির ‘চক্রান্ত’ আখ্যায়িত করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দলটির সেই ‘চালাকি ধরা পড়ে’ গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2015, 06:21 PM

Updated : 22 Aug 2022, 12:16 PM

তিন বছর আগে ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর ক্ষেত্রেও ‘একই রকম চক্রান্ত’ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার দুপুরে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে জাতীয় শ্রমিক ফেডারেশনের একাদশ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি-জামায়াত জোটের নেতাদের উদ্দেশ্যে মেনন বলেন, “সালাহ উদ্দিনকে আপনারা হাজির করেছেন। এবার ইলিয়াস আলীকেও আপনারা হাজির করুন।

“কারণ দেখা যাবে, ইলিয়াস আলীও শেষ পর্যন্ত আপনাদের চক্রান্তের শিকার হয়েছেন অথবা আপনাদের চক্রান্তের ফসল হিসেবে কাজ করছেন।”

পত্রিকার খবর উদ্ধৃত করে ওয়ার্কাস পার্টির সভাপতি মেনন বলেন, “বিএনপি বলেছে, সালাহ উদ্দিন সম্পর্কে পুরো না জেনে কোনো কথা বলবে না। আসলে কথা বলার মুখ তাদের নাই। আপনাদের চালাকি ধরা পড়ে গেছে।”

২০১২ সালের এপ্রিলে বনানীর একটি রাস্তা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করে আসছে তার দল ও পরিবার। এরপর তিন বছর পার হলেও ইলিয়াসের কোনো সন্ধান পাওয়ার যায়নি।

আর গত ১০ মার্চ উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী। দুই মাস নিখোঁজ থাকার পর গত সোমবার ভারতের শিলংয়ে ইতস্তত ঘোরাঘুরির সময় পাসপোর্ট-ভিসাহীন অবস্থায় পুলিশের হাতে গ্রেপ্তার হন সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন।

Image
সালাহ উদ্দিন আহমেদ

সালাহ উদ্দিন আহমেদ

সালাহ উদ্দিন ভারতীয় পুলিশের কাছে দাবি করেছেন, ১০ মার্চ অচেনা এক দল লোক উত্তরার একটি বাড়ি থেকে তাকে তুলে নেয়। এরপর থেকে আর কিছুই তিনি মনে করতে পারছেন না। কীভাবে শিলংয়ে গেলেন, তাও তিনি জানেন না।

র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বৃহস্পতিবার খুলনায় এক অনুষ্ঠানে বলেন, বছরের শুরুতে তিন মাসে হরতাল ও অবরোধের নামে ১৫০ জন মানুষ পুড়িয়ে হত্যা ও প্রতিদিন ২০০ কোটি টাকার ক্ষতির পেছনে ‘অন্যতম কুশীলব’ ছিলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ।

তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার কথাও বলেন বেনজীর।

পর্যটনমন্ত্রী মেনন গাজীপুরের অনুষ্ঠানে বলেন, “গুম-খুনের নাটক সৃষ্টি করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল দেশে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করতে চাইলেও তারা সেটা করতে পারে নাই।”

তবে ২০ দলীয় জোটের ষড়যন্ত্র ‘থেমে নেই’ মন্তব্য করে তিনি বলেন, “সালাহ উদ্দিন আহমেদ নিখোঁজ ছিলেন। তাকে হাজির করতে বিএনপি নেত্রী খালেদা জিয়া আল্টিমেটাম দিলেন। অথচ দেখা গেল, তাকে সরকারের হাজির করার প্রয়োজন হয় নাই। তিনি নিজেই হাজির হয়ে গেছেন।”

সালাহ উদ্দিনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে সরকারের এই শরিক নেতা বলেন, “তার ছবি দেখলে বোঝা যায়, তাকে যদি অপহরণ করা হতো তাহলে নিশ্চয়ই তার দাড়ি কামানো থাকত না।

“চুলগুলো এত সুন্দর করে কাটা থাকত না, জুতায় পালিশ করা থাকত না। পরনের যে কাপড় আছে তার ভাঁজ নষ্ট ছিল না।”

কমরেড হাফিজুর রহমান ভুঞার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শফি উদ্দিন আহমেদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান, কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ অন্যরা বক্তব্য দেন।

পুরনো খবর:

‘নাশকতার অন্যতম কুশীলব সালাহ উদ্দিন’