২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার মৃত্যুবার্ষিকী: কর্মসূচি ঘোষণা বিএনপির

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2015, 07:04 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় শেষে এক ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান কর্মসূচি তুলে ধরেন।

তিনি বলেন, “শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচিতে অংশ নেবেন তিনি।”

“আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করব। এতে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়, এর দায় সরকারের ওপর বর্তাবে।”

আগামী ৩০ মে জিয়ার ৩৪তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন।

বিএনপির ঘোষিত কর্মসূচির মধ্যে আছে- ৩০ মে শনিবার ভোরে দলের প্রতিষ্ঠাতা সন্মানে কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা-উপজেলার কাযার্লয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ১০টায় শেরে বাংলা নগরে জিয়ার কবরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ, কবর প্রাঙ্গণে দোয়া মাহফিল ও সারাদেশে মসজিদ-মন্দির-গীর্জাসহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা।

এছাড়া জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ও জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তাদান কর্মসূচি নেওয়া হয়েছে।

নয়া পল্টনের কার্যালয়ের সামনেও দুইদিন মেডিকেল ক্যাস্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেবে ড্যাব।

২৮ মে বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হবে বিএনপির আয়োজনে আলোচনা সভা। এরপর থেকে প্রতিদিন বিভিন্ন অঙ্গসংগঠন আলোচনাসভা করবে।

সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে যৌথ সভা হয়।

এতে অন্যান্যের মধ্যে বিএনপির কাজী আসাদুজ্জামান আসাদ, আসাদুজ্জামান রিপন, জাফরুল হাসান, নাজিম উদ্দিন আলম, হারুনুর রশীদ, মেহেদি আহমেদ রুমি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, জয়ন্ত কুমার কুন্ড, অঙ্গসংগঠনের আবু তাহের, নুরী আরা সাফা, আবদুস সালাম আজাদ, ইশতিয়াক আজিজ উলফাত, নুরুল ইসলাম খান নাসিম, তকদির মো. জসিম, আকম মোজাম্মেল, হাফেজ আবদুল মালেক, শাহ মো. নেছারুল হক, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম মাহতাব, মিলন মেহেদি, আবদুল আউয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।