সালাহ উদ্দিন মেঘালয়ে কেন, উত্তর খুঁজছেন কাদের
ভারতের মেঘালয় রাজ্যে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগের অসাড়তা প্রমাণ করেছে বলে মনে করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
দুই মাস ধরে নিখোঁজ বিএনপির যুগ্মমহাসচিবকে সোমবার মেঘালয় পুলিশ শিলংয়ে পেয়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিষয়টি প্রকাশ পায়।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) আয়োজিত নবনির্বাচিত সিটি মেয়র আ জ ম নাছিরের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে ওবায়দুল মন্ত্রী এ বিষয়ে কথা বলেন।
“বাংলাদেশের সালাহ উদ্দিন মেঘালয়ে কেন? মেঘালয়ে সালাহ উদ্দিন হাসপাতালে কেন? এ প্রশ্নের উত্তর খুঁজে পেতে হবে। তার জন্যই আমরা আপাতত অপেক্ষা করছি।”
হরতাল-অবরোধের মধ্যে গোপন স্থানে থেকে বিবৃতি দিয়ে আসা বিএনপি নেতা সালাহ উদ্দিনকে গত ১০ মার্চ ঢাকার উত্তরার একটি বাসা থেকে তুলে নেওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
বিএনপি বলে আসছিল, আইনশৃঙ্খলা বাহিনী দলের এই নেতাকে তুলে নিয়েছে। খালেদা জিয়া সরাসরি র্যাবকে দায়ী করছিলেন।
ওবায়দুল কাদের বলেন, “কত প্রোপাগান্ডা, কত মিথ্যাচার হয়েছে।
“এতদিন শুনেছি সালাহ উদ্দিনকে শেখ হাসিনা গুম করে ফেলেছেন। সরকার তাকে হত্যা করেছে। র্যাব তুলে নিয়ে গেছে। পুলিশ তুলে নিয়ে গেছে। ডিবি তুলে নিয়ে গেছে।”
সালাহ উদ্দিন মেঘালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তাকে একদল অচেনা ব্যক্তি অপহরণ করেছিল। অপহরণের পর থেকে কিছুই মনে করতে পারছেন না তিনি।
