২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতির সুযোগ দিতে হবে: বিএনপি

গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে ‍‘দমনের’ বদলে বিরোধীদের রাজনীতি করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 08:17 PM

Updated : 22 Aug 2022, 12:14 PM

সরকারের বিরুদ্ধে বিরোধীদের নির্মূলে নানা ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলে সে পথ থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন।

বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা রিপন বলেন, “আমরা বিশ্বাস করি, সরকার ও বিরোধী দল এক বৃন্তে দুটি ফুল। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে সরকারকেই উদ্যোগী হতে হবে, গণতন্ত্রী হতে হবে। বিরোধী দলকে রাজনীতি করার সুযোগ দিতে হবে।”

সদ্য প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আত্মার শান্তি কামনায় শনিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এসব বলেন তিনি।

সরকারের বিরুদ্ধে বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দায়ের এবং কারাবন্দি নেতাদের সুচিকিৎসা না দেওয়ার অভিযোগ করেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, “দেশ এক কঠিন সময় অতিক্রম করছে। দেশে গণতন্ত্র নেই, মতপ্রকাশ ও কথা বলার স্বাধীনতা নেই। আমাদের নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় উদ্ভট কাল্পনিক অভিযোগ আনা হয়েছে।

“কেবল তাই নয়, আমাদের নেতারা সুস্থ অবস্থায় কারাগারে গেলেও এখন অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকদিন আগেই কারাগার থেকে দলের সহসাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ পিন্টু লাশ হয়ে ফিরেছেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ছবি আমরা পত্রিকায় দেখলাম- তিনি অসুস্থ। তার ১৫ কেজি ওজন কমে গেছে। এককথায় দেশে এখন গুম-নিখোঁজের জামানা চলছে।”

এ পরিস্থিতি থেকে উত্তরণে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু গত ৫ মে রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। গত ২০ এপ্রিল তাকে নারায়ণগঞ্জ থেকে রাজশাহী কারাগারে নেওয়া হয়েছিল।

পিন্টুর মৃত্যুর জন্য চিকিৎসায় অবহেলার অভিযোগ করে রিপন বলেন, “এটা এক চরম অন্যায়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। উচ্চ আদালত তাকে বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার আদেশ দিলেও কারা কতৃর্পক্ষ তা উপেক্ষা করেছে। পিন্টুকে নারায়ণগঞ্জ থেকে রাজশাহীতে নিয়ে যাওয়া হয়েছিল।

“আমরা এহেন মৃত্যুর তদন্ত দাবি করেছি। শুনেছি, সরকার একটি তদন্ত কমিটি করেছে। আমরা দেখতে চাই, এই কমিটি নিরপেক্ষভাবে তদন্ত করে কি না।”

ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন পিন্টুর স্মৃতিচারণ করে সংগঠনটির আরেক সাবেক সভাপতি রিপন বলেন, “পিন্টু অন্যায়-অবিচারের বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে গেছেন। নেতা-কর্মীদের কাছে তার বার্তা হচ্ছে- ‘অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত করা যাবে না’। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে লড়াই করে যেতে হবে।

“পিন্টু সব সময় দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে অসত্যের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে গেছেন। বিডিআর বিদ্রোহের ঘটনায় প্রকৃত দোষীদের আড়াল করতে পিন্টুকে জড়িয়ে সাজা দেওয়া হয়েছে। এরশাদও সাজাপ্রাপ্ত হয়ে নিবার্চনের সুযোগ পেয়েছিল, কিন্তু পিন্টুকে সেই সুযোগ দেয়নি। সিটি করপোরেশন নির্বাচনে তার মনোনয়নপত্র নিবার্চন কমিশন বাতিল করে দিয়েছে।”

দোয়া মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদার, শাহজাদা মিয়া, এম এ মালেক, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, এ বি এম মোশাররফ হোসেন, রফিক শিকদার, শামসুল আলম তোফা, ২০ দলীয় জোট নেতাদের মধ্যে লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, হামদুল্লাহ আল মেহেদি, জাগপার লুৎফর রহমান, এনপিপির ফরিদুজ্জামান ফরহান, ডিএলর সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার বাদ আসর নয়া পল্টনের কার্যালয়ের নিচতলায় ছাত্রদলের উদ্যোগে পিন্টুর স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।