২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে আহসান উল্লাহ মাস্টারকে স্মরণ

নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে প্রয়াত সংসদ সদস্য ও শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টারের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2015, 08:03 PM

Updated : 22 Aug 2022, 12:13 PM

বৃহস্পতিবার সকালে গাজীপুর নগরীর পূবাইলের হায়দরাবাদে আহসান উল্লাহ মাস্টারের সমাধিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, গাজীপুর প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনেও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি পালিত হয়।

ওই সময় আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক।

আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, গাজীপুর জেলা পরিষদ প্রশাসক আখতারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্যাহ খান, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

পরে দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।

২০০৪ সালের ৭ মে আহসান উল্লাহ মাস্টারকে টঙ্গীতে তার বাসভবন সংলগ্ন স্কুল মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক জনসভা মঞ্চে প্রকাশ্যে দিনদুপুরে সন্ত্রাসীরা ব্রাশ ফায়ারে হত্যা করে।

২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার আইনে প্রধান আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়।

অপর ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এদের মধ্যে প্রধান আসামীসহ ১৭ জন কারাগারে রয়েছে। বাকি ১১ জন আসামি ভারত, ইতালি, বেলজিয়াম, ফ্রান্সসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছে।