বিরোধীদেরও নিরাপদ রাখব: খোকন
ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় বিরোধী সমর্থকদেরও নিরাপত্তার দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিলেন সাঈদ খোকন।
মেয়র হিসেবে ক্ষমতার অপব্যবহার না করার অঙ্গীকারও করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিতে যাওয়া এই আওয়ামী লীগ নেতা, যার বাবাও ছিলেন ঢাকার মেয়র।
মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নেতা মির্জা আব্বাসকে প্রায় আড়াই লাখ ভোটে হারিয়ে মেয়র পদে জয়ী হন সাঈদ খোকন। তবে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে ভোটগ্রহণের মাঝপথে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল বিএনপি।
ভোটের ফল ঘোষণার পর বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসা সাঈদ খোকনও নির্বাচনে অনিয়মের অভিযোগ নিয়ে প্রশ্নের মুখে পড়েন।
“বিচ্ছিন্ন দুই-একটি ঘটনা ঘটেছে, যা খুবই সামান্য। নির্বাচন সুষ্ঠু হয়েছে,” বলেন দলের ঢাকা মহানগর কমিটির এই সাংগঠনিক সম্পাদক।
বাবা মোহাম্মদ হানিফকে স্মরণ করে সাঈদ খোকন বলেন, “বাবা শিখিয়ে গেছেন, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তাই আমি বিরোধীদেরসহ ঢাকাবাসীকে সম্মানের সঙ্গে নিরাপদে রাখব।
“আমি শপথ নেওয়ার পর, মেয়র হিসেবে আচরণ করব না। আমি কথা দিচ্ছি, ক্ষমতার অপব্যবহার করব না।”
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে আধুনিক ঢাকা গড়তে কাজ করার ইচ্ছার কথা জানান নবনির্বাচিত এই মেয়র।
সাঈদ খোকনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার ভোটের প্রধান সমন্বয়কারী আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, হাজি মো. সেলিম, মৃণাল কান্তি দাস, ফজলে নূর তাপস, মোস্তফা জালাল মহিউদ্দিন, নজরুল ইসলাম বাবু, সুজিত রায় নন্দি।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক সব ভোটারদের অভিনন্দন জানিয়েছেন।
বুধবার সকালে রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, ইশতেহার অনুযায়ী নগরবাসীর সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন তিনি।
নিজের ফেইসবুক পাতায় আনিসুল লিখেছেন, “ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে আমাকে নির্বাচিত করায় সবাইকে ধন্যবাদ। এবার সমাধানযাত্রা।”
মেয়র পদে প্রার্থী হওয়ার পর ব্যবসায়ী আনিসুল হক বলে আসছিলেন, ঢাকার সমস্যাগুলো চিহ্নিত, এখন প্রয়োজন তা সমাধানের উদ্যোগ নেওয়া।
