২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভোটের পরেও আসবেন, বুঝব কেমনে?’

নির্বাচনে প্রতিশ্রুতির ঝাঁপি খুলে বসলেও ভোটে জয়ী হওয়ার পর অনেক জনপ্রতিনিধির কাছেই আর ঘেঁষতে পারেন না ভোটাররা; ভোট চাইতে গিয়ে যেন সেই ক্ষোভের মুখে পড়লেন ঢাকা দক্ষিণের এক মেয়র প্রার্থীর স্ত্রী।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 04:16 PM

Updated : 12 Oct 2022, 03:35 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে বুধবার সকালে পুরান ঢাকার সূত্রাপুরে সুইপার কলোনিতে যান তার স্ত্রী আফরোজা আব্বাস।

সামাজিকভাবে ‘নিম্নবর্গীয়’ এই কলোনির বাসিন্দারাই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী।

প্রথমে তাদের কাছে গিয়ে প্রশ্নের মুখে পড়েন ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের স্ত্রী। এরপর রূপলাল দাস লেনের মওলা বক্স রোডে গিয়ে এক বিএনপি কর্মীর বোনের ক্ষুব্ধ প্রশ্নবানেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় তাকে।

সকাল সোয়া ৯টার পর সূত্রাপুর থানার সামনে থেকে প্রচার শুরু করেন আব্বাসপত্নী। তার সঙ্গে যোগ দেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

সূত্রাপুর থানা ছাড়িয়ে পশ্চিম দিকে এগিয়ে রাস্তার দুইপাশে দোকান, পথচারীদের মধ্যে স্বামীর নির্বাচনী প্রতীক ‘মগ’র প্রচারপত্র বিলি করে আফরোজা আব্বাস ঢোকেন সুইপার কলোনিতে।

সেখানে লিফলেট বিতরণের এক পর্যায়ে কলোনির এক নারী তাকে বলেন, “আপনাদের ভোটের আগে দেখি, ভোটের পরে তো দেখি না। সবাই এখন আমাদের খোঁজ নিতে আসে, ভোট নিতে আসে। পরে ভুলে যায়।”

“ভুলব না, পরেও আসব” আফরোজার এই আশ্বাসের জবাবে ওই নারী বলেন, “কত বছর হয়ে গেল, আমাদের এই ভবনের নির্মাণ কাজ শেষ হলো না। কে খোঁজ নিয়েছে?”

আরেক নারী প্রশ্ন ছোড়েন, “কেমনে বুঝব, ভোটের পরে আসবেন?”

এসময় সেখানে হৈ চৈ দেখা দেয়। হট্টগোল এড়িয়ে আফরোজা যখন এগোচ্ছিলেন তখন তার সঙ্গে থাকা একজনকে বলতে শোনা যায়, “ঢাকায় যা (উন্নয়ন) হয়েছে, আব্বাসই করেছেন।”

পরে ফরাশগঞ্জ ও রূপলাল দাস লেনে গণসংযোগে যান সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা।

রূপলালদাস লেনে বাইতুল মামুর মসজিদের সামনে এক বৃদ্ধা তার পথ আটকে ভোটকেন্দ্রে যাওয়ার টাকা চান। এসময় আফরোজা হেসে তাকে জড়িয়ে ধরে দোয়া চান।

এরপর মাওলা বক্স রোডে বাসাবাড়ি ও দোকানে দোকানে গিয়ে স্বামীর জন্য ভোট চান আফরোজা।

এক বাড়ির সামনে কয়েকজন নারীর দিকে এগিয়ে গেলে একজন তাকে বলেন, “বিএনপি করতে গিয়ে আমার এক ভাই কারাগারে, আরেক ভাই দেড় বছর বাড়ি ছাড়া।

“আপনারা আমাদের জন্য কী করেছেন? কোনো খোঁজ-খবর তো নিলেন না। আমরা আপনাদের দল করে কী পেলাম?”

ভবিষ্যতে খোঁজ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে বের হন আফরোজা।

পরে মাহমুদা আক্তার ঝুমা নামে ওই নারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা রূপলাল দাস লেনের স্থানীয় বাসিন্দা। 

মনির হোসেন নামে এক ভাই নাশকতার মামলায় কারাগারে। অন্য ভাই মজিবুর রহমান গ্রেপ্তার এড়াতে দেড় বছর ধরে বাড়িতে  থাকছেন না।