ভোটের মাঠে যুবলীগকে চান নাছির
মতবিনিময় সভায় সময় নষ্ট না করে মাঠের প্রচারে নামতে যুবলীগের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন।
রোববার নিজের প্রধান নির্বাচনী ক্যাম্প প্রিয়া কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
নাছিরের সমর্থনে ইতোমধ্যে নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন প্রচার শুরু করেছেন।
তবে সাংগঠনিকভাবে যুবলীগের কর্মসূচি রোববার পর্যন্ত মতবিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
নাছির বলেন, “২৮ এপ্রিল নির্বাচন। প্রচারণা বন্ধ হয়ে যাবে ২৬ এপ্রিল। সে হিসেবে হাতে সময় খুব কম।
“নগরীর ৪১ ওয়ার্ডে ৭১৯টি কেন্দ্র, ৪ হাজার ৯০৬টি বুথ ও প্রায় ১৯ লাখ ভোটার। এদের প্রত্যেকের কাছে অমাদের যেতে হবে। তাই মতবিনিময় সভায় সময় নষ্ট না করে যুবলীগকে মাঠে নামতে হবে।”
মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের মাঠে নামার তথ্য তুলে ধরে প্রার্থী নাছির বলেন, “ছাত্রলীগও নেমেছে। যুবলীগের কেউ কেউ ব্যক্তিগতভাবে মাঠে আছে। দলগতভাবে তাদের মাঠে নামার অনুরোধ জানাই।”
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির এই নির্বাচনে বিদায়ী মেয়র বিএনপির এম মনজুর আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনের রাজনৈতিক গুরুত্ব তুলে ধরে আওয়ামী লীগ নেতা বলেন, “গত তিন বছরে যে দলটি অপরাজনীতি করে কোণঠাসা হয়ে আছে, তিন সিটির কোনো একটিতেও যদি জেতে, তাহলে দেশে-বিদেশে তারা আবার বলতে শুরু করবে- জনগণ তাদের অনুকূলে আছে।”
“ব্যক্তি নাছিরকে ভালো নাও লাগতে পারে। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের প্রতি যদি বিন্দুমাত্র আস্থা থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যদি ন্যূনতম আন্তরিকতা থাকে, তাহলে সর্বোচ্চ শক্তি নিয়ে যে কোনো কর্মী মাঠে নামতে বাধ্য,” বলেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, “বিএনপির জনপ্রিয়তা কমে যাচ্ছে, তার জন্য আমাদের জনপ্রিয়তা বাড়ছে, সেটা ভেবে আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই।”
সভায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, নাগরিক কমিটির সমন্বয়ক ইছহাক মিঞা, সাংসদ ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি ও যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বক্তব্য রাখেন।
