২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের ফাঁসির পর হরতাল ডেকে বিবৃতি

মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের পর সোমবার হরতালের ঘোষণা দিয়ে তার দল জামায়াতে ইসলামীর নামে একটি বিবৃতি এসেছে গণমাধ্যমে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 11:39 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার রাত ১০টার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝোলানোর পৌনে এক ঘণ্টার মধ্যে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষে এই বিবৃতিটি ই-মেইল করা হয়।

কামারুজ্জামানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে বিবৃতিতে রোববার তার জন্য দোয়া মাহফিল এবং সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।

লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়।

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “যে সোহাগপুরের কথিত ঘটনার অভিযোগে তাকে ফাঁসি কার্যকরের নামে হত্যা করা হল, তার সাথে মুহাম্মদ কামারুজ্জামানের দূরতম কোনো সম্পর্ক নেই। কামারুজ্জামান বার বার বলেছেন, জীবনে কোনোদিনও তিনি সোহাগপুর যাননি।”

একাত্তরের আলবদর বাহিনীর ময়মনসিংহ অঞ্চলের কমান্ডার হিসেবে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা সোহাগপুর গণহত্যার জন্য দায়ী করে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেয় আদালত।

একাত্তর সালের ২৫ জুলাই ভোরে সোহাগপুর গ্রামের ১২০ জন পুরুষকে হত্যা করা হয়; ধর্ষণের শিকার হন গ্রামের নারীরা। এক গ্রামে একসঙ্গে এতজন পুরুষ নিহত হওয়ায় গ্রামের অধিকাংশ নারীকে অকালে বৈধব্য নিতে হয়েছিল বলে সোহাগপুরের নাম হয়ে যায় ‘বিধবাদের গ্রাম’।

ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কামারুজ্জামান আপিল করলে তার রায়ে আপিল বিভাগ বলে, “একমাত্র জানোয়ার ছাড়া আর কিছুর সঙ্গে অভিযুক্তের (কামারুজ্জামানের) কর্মকাণ্ডের তুলনা চলে না।”   

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের শুরু থেকেই বিরোধিতা করে আসছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াত।

সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের আগে একই অপরাধে দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝোলানো হয়।

দলটির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। আরও কয়েকজন নেতাও একই দণ্ডে দণ্ডিত।

একাত্তরে দলটির আমির গোলাম আযম আজীবন কারাদণ্ড ভোগের মধ্যে কারাবন্দি অবস্থায় মারা যান।

মকবুলকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার তার (কামারুজ্জামানের) বিরুদ্ধে মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। এ মামলায় দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে। সাক্ষীদের পরস্পরবিরোধী ও অসঙ্গতিপূর্ণ বক্তব্য থেকে তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের বিষয়টি বাংলাদেশসহ বিশ্ববাসীর নিকট উন্মোচিত হয়।”

এই বিচারের জন্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারকে ‘জালেম সরকার’ আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, “পরিকল্পিত এ হত্যাকাণ্ডের জন্য জনতার আদালতে একদিন জবাবদিহি করতে হবে।”

পুরনো খবর:

ফাঁসিতে ঝুললেন কামারুজ্জামান
শেরপুরে কামারুজ্জামানকে দাফনের প্রস্তুতি