২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুষ্ঠু নির্বাচনের’ জন্য নেতাকর্মীদের জামিন চায় বিএনপি

সিটি করপোরেশন নির্বাচনে সবার জন্য ‘সমান সুযোগ সৃষ্টি করতে’ মামলার আসামি নেতাকর্মীদের জামিন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 05:31 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

‘সমান সুযোগ’ না হওয়ায় বিএনপি সমর্থিত প্রার্থীরা প্রচারণায় নামতে পারছেন না বলে তাদের অভিযোগ।

শনিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালযে এক সংবাদ ব্রিফিংয়ে দলের পক্ষে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন অবিলম্বে সব প্রার্থীদের ভোটারদের কাছে যাওয়ার সুযোগ দিয়ে নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানান।

তিনি বলেন, “সিটি করপোরেশন নির্বাচনে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি হয়নি। আমাদের সমর্থিত প্রার্থীরা প্রচারণায় নামতে পারছেন না। ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী মির্জা আব্বাস জামিনকে দেওয়া হচ্ছে না। নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিল পদের প্রার্থীরা যাতে ভোটারদের কাছে যেতে পারেন সেই সুযোগ দেওয়ার দাবি আমরা জানাচ্ছি।

“নির্বাচনকে উৎসবমুখর করতে হলে বিভিন্ন মামলায় জড়িত নেতা-কর্মীদের জামিন দিয়ে ভোটারদের কাছে যাওয়ার সুযোগ দিতে হবে।”

ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তিনি এখনো প্রকাশ্যে আসেননি। তার পক্ষে স্ত্রী আফরোজা আব্বাস গত ৮ এপ্রিল থেকে প্রচার চালাচ্ছেন।

তিন মাস ‘তালাবন্ধ’ নয়া পল্টনের কার্যালয় খোলার পর এই প্রথম দলের পক্ষ থেকে সংবাদ ব্রিফিং করল বিএনপি।

ব্রিফিংয়ের শুরুতে গত তিন মাস কেন্দ্রীয় কার্যালয় ‘বন্ধ করে’ রাখার কথা তুলে ধরে আসাদুজ্জামান রিপন বলেন, “আজ ১০২ দিন পর আমরা সংবাদ ব্রিফিং করছি। সর্বশেষ ব্রিফিং হয়েছিল ২৯ জানুয়ারি। গণতন্ত্রের লেবাস পরা এই সরকার দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিস এতোদিন বন্ধ করে রেখেছিল, যা পৃথিবীর কোনো দেশে ঘটেনি।

“কেবল তাই নয়, গুলশানের কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্তরীণ করে রাখা হয়েছিল। ওই কঠিন সময়ে নিরাপত্তাহীনতার মধ্যে গণমাধ্যমের কর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কারাগারে থাকায় দপ্তরের সাময়িক দায়িত্ব পাওয়া রিপন দেশে ‘সুস্থ’ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।

তিনি বলেন, “আমরা সরকারের কাছে বলতে চাই, হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। তারা (সরকার) সকল কুপরিকল্পনা থেকে সরে আসবে। আমরা নতুন করে কার্যকর সমেঝোতার পথ সৃষ্টি করতে চাই।

“দেশে বহুদল থাকলে গণতন্ত্র থাকবে। বহুমত না থাকলে দেশ একদলীয় বাকশালে পরিণত হবে। আমরা গণতন্ত্রকে এগিয়ে নিতে সকল দলের মধ্যে কার্যকর ওয়ার্কিং রিলেশন গড়ে তুলতে চাই।”

নেতা-কর্মীদের মুক্তি দাবি করে রিপন বলেন, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদসহ সব নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

“একদিকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অন্যদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের একের পর এক মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা করছে সরকার। আমরা এসব কর্মকাণ্ডের অবসান চাই।”

সিটি করপোরেশন নির্বাচন সর্ম্পকে তিনি বলেন, “আমরা প্রতিযোগিতামূলক ও সবার অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের প্রাক্কালে যেখানে-সেখানে ভয়ভীতি ও সন্ত্রাসের সংস্কৃতি চলছে বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। আমরা দাবি করছি, জনগণ যাতে তাদের পছন্দসই প্রার্থীকে বাছাই করতে পারে, তার সুযোগ সরকারকে সৃষ্টি করতে হবে।

“দমন-নির্যাতন চলতে থাকলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যাবে কি না তা নিয়ে আশঙ্কা থেকে যায়। জনগণের ভোটের অধিকার যদি না পায়, তাহলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।”

একইসঙ্গে ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ নির্মূল করতে ব্যবস্থা গ্রহণ এবং গত একমাস ধরে ‘নিখোঁজ’ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে জনসমক্ষে হাজির করার দাবি জানান রিপন।

সংবাদ ব্রিফিংয়ে দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।