২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অসমাপ্ত কাজ’ শেষ করার সুযোগ চান মনজুর

চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নে ‘অসমাপ্ত কাজ’ শেষ করতে আবারও ‘সুযোগ’ চেয়েছেন বিএনপিসমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2015, 02:04 AM

Updated : 12 Oct 2022, 03:32 PM

গত পাঁচ বছর চট্টগ্রামের মেয়রের দায়িত্ব পালন করা মনজুর শুক্রবার বন্দরনগরীর পতেঙ্গা এলাকায় গণসংযোগে এসে বলেন, “আপনাদের সহযোগিতা নিয়ে সুষ্ঠুভাবে সিটি করপোরেশন পরিচালনা করেছি। সৎ ও আন্তরিক থেকে পক্ষপাতিত্বের ঊর্ধ্বে থেকে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি।

“প্রত্যাশার চেয়ে কম বরাদ্দ পেলেও করপোরেশনের নিজস্ব তহবিল থেকে উন্নয়ন কাজ করেছি। পাঁচ বছরে নগরীর সর্বত্র রেকর্ড পরিমাণ নয়শ কোটি টাকার কাজ হয়েছে, যা বিগত ২০ বছরের চেয়ে অনেক বেশি। আপনাদের দোয়া ও সমর্থনে আবার নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো শেষ করব।”

আবার নির্বাচিত হলে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরামর্শ নিয়ে চট্টগ্রামকে ‘সত্যিকারের বাণিজ্যিক রাজধানী’ হিসাবে গড়ে তোলার ‘বাস্তবসম্মত উদ্যোগ’ নেওয়ার প্রতিশ্রুতি দেন মনজুর।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাঁটি। গতবারের মত এবারও বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়েছেন। বেগম জিয়া বলেছেন চট্টগ্রাম নগরীর উন্নয়ন যত সহায়তা লাগবে তা তিনি করবেন।”

প্রতীক নিয়ে প্রথম দিনের প্রচারে মনজুরের সঙ্গে ছিলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল ভোটের দিন হবে ‘স্বৈরাচার পতন আর গণমানুষের বিজয়ের দিন’।

“সরকার চেয়েছিল ৫ জানুয়ারির মত ভোটারবিহনী নির্বাচন করতে। সেই পরিকল্পনা জেনেই আন্দোলনের অংশ হিসাবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। ২৮ এপ্রিল জনগণ ৯০ শতাংশ ভোট দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রতিবাদ জানাবে।”

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান শামীম ও নগর কমিটির সহ-সভাপতি সামশুল আলম প্রচারের সময় মনজুর আলমের সঙ্গে ছিলেন।