খালেদাসমর্থিত প্রার্থীদের গায়ে পোড়া মানুষের গন্ধ: ইনু
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমর্থন নিয়ে যারা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন তারা নিজেদের গায়ে পোড়া মানুষের গন্ধ মাখছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, “মনে রাখতে হবে, আগুন-সন্ত্রাসী খালেদা জিয়ার সর্মথন নিয়ে যারা নির্বাচন করছেন সেসব প্রার্থীরা পোড়া মানুষের গন্ধ গায়ে মাখছেন।
“চিহ্নিত আগুন-সন্ত্রাসী খালেদা জিয়ার সর্মথন নিয়ে যারা নির্বাচনে ভোটে জেতার স্বপ্ন দেখছেন তারা ক্ষমতাপাগল, তারা গণতন্ত্রকে দোযখে পাঠিয়ে দিবেন।”
‘খালেদা জিয়ার বাড়ি ফেরা মানে গণতন্ত্রে ফেরা নয়’ মন্তব্য করে জাসদ সভাপতি ইনু বলেন, “উনি সন্ত্রাসের পথ ছেড়ে গণতন্ত্রের পথে এখনও উঠেননি। উনি আগুন-সন্ত্রাসের দুষ্কর্মকে হালাল করার কাজে নির্বাচনকে ব্যবহার করছেন।
“নির্বাচনী আইন অনুয়ায়ী নির্বাচন কমিশন সব প্রার্থীর জন্য সমান সুযোগ দেবে। কিন্তু আগুন সন্ত্রাসের দুর্ষ্কমে জড়িত কোনো ব্যক্তিকে রেহাই দেওয়ার সুযোগ আমাদের নেই।”
এসময় কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
