কৌশল ঠিক করতে বসছেন তাবিথ
নির্বাচনী প্রচার কৌশল ঠিক করতে সন্ধ্যায় ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ নেতাদের সঙ্গে বসছেন ঢাকা উত্তরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
শুক্রবার সকালে প্রতীক পাওয়ার পর দুপুরে কাওরানবাজার মসজিদে জুমার নামাজ পড়েন ব্যবাসীয় আব্দুল আউয়াল মিন্টুর বড় ছেলে তাবিথ।
নামাজের পর সাংবাদিকদের তিনি বলেন, “আমাকে বাস প্রতীক দেওয়া হয়েছে। ২০ দলীয় জোটের নেতাকর্মীরা সমর্থনের কথা জানিয়েছেন। জনগণও বেশ সাড়া দিচ্ছে।”
নির্বাচনী প্রচারণার কৌশল ঠিক করতে তাবিথ সন্ধ্যায় ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ নেতাদের সঙ্গে বসছেন বলে তার প্রেস সহকারী আব্দুল্লাহ আল হারুন সোহেল জানান।
তাবিথের সঙ্গে নামাজ পড়ে বেরোনোর পর তিনি সাংবাদিকদের বলেন, “অনানুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। আগামীকাল আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। তার কর্মকৌশল নির্ধারণে সন্ধ্যায় ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ নেতাদের সঙ্গে বসবেন তাবিথ আউয়াল।”
সদ্য গঠিত ‘আদর্শ ঢাকা আন্দোলন’র প্রার্থী হিসেবে ঢাকার দুই সিটি করপোরেশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি নেতারা।
এই ফোরামের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঢাকা উত্তরে তাবিথকে সমর্থন দেওয়ার কথা জানান।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টুর ঢাকা উত্তরে প্রার্থী হওয়ার কথা ছিল।
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
এরপর বাবার সঙ্গে মনোনয়নপত্র দাখিলকারী তাবিথকে প্রার্থী হিসেবে বেছে নেন খালেদা জিয়া।
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টুর ছেলেকে ভোটের লড়াইয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের সাবেক আরেক সভাপতি আনিসুল হকের মুখোমুখি হতে হচ্ছে। আনিসুল আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হয়েছেন।
নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রত্যাশা ব্যক্ত করে তাবিথ বলেন, “আমাদের প্রত্যাশা থাকবে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনী পরিবেশ, লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখবে।”
ছবি: আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রতীক পাওয়ার পর প্রচারে নেমেছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী জাসদের নাদের চৌধুরী
ব্যবসায়ী বাবা রাজনীতিতে যুক্ত হলেও এতোদিন ধরে তাতে জড়াননি তাবিথ। ১৭টি ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তাবিথ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্বে রয়েছেন।
মেয়র হলে ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তাবিথ বলেন, “ঢাকাকে আন্তর্জাতিক মানের শহর হিসেবে গড়ে তুলতে চাই।
“ঢাকার একটি ইতিহাস আছে। আপনারা যদি দেখেন ৪০০ বছরের ইতিহাসে ঢাকা একসময় মর্ডান ছিল। এই ঢাকাকে উন্নত শহরে পরিণত করতে হবে।”
